কালিয়াকৈরে যুবলীগ নেতা হত্যা, রবিবার অর্ধদিবস হরতাল

প্রকাশিত: August 22, 2015 | সময়: 6:38 pm

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর : জেলার কালিয়াকৈরে উপজেলা যুবলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলামকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তার হত্যার প্রতিবাদে ও বিচারের দাবি রবিবার কালিয়াকৈর উপজেলায় অর্ধদিবস হরতাল ডেকেছে ক্ষমতাসীন দল।

স্থানীয় গোলাম নবী হাইস্কুল মাঠে শনিবার দুপুর ২টার দিকে রফিকুল ইসলামের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় স্থানীয় সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক, জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও স্থানীয়রা অংশ নেন। পরে নিহতের নিজ গ্রাম টেংলাবাড়ীর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

জানাজা শেষে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী জানান, হত্যাকারীদের যেকোনো মূল্যে গ্রেফতার করার ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। হত্যাকারী বা এর মদদদাতাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

এর আগে রফিকুল হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে লাশ নিয়ে মিছিল ও সমাবেশ করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করা হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাৎবার্ষিকী ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় হতাহতদের স্মরণে শুক্রবার মিলাদ ও আলোচনা সভা চলাকালে প্রতিপক্ষরা রফিককে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। তাকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সোহেল ও মো. হোসেন নামে দু’জনকে আটক করেছে পুলিশ।

এদিকে, রফিকুল ইসলাম হত্যার প্রতিবাদে ও বিচারের দাবিতে রবিবার কালিয়াকৈর উপজেলায় অর্ধদিবস হরতাল ডেকেছে ক্ষমিতাসীন দল। আওয়ামী লীগের গাজীপুর জেলা মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন।