স্টাফ রিপোর্টার ॥
জঙ্গি অর্থায়নের কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন গ্রেফতার হওয়া সুপ্রিমকোর্টের তিন আইনজীবী।
রোববার চট্টগ্রামের বাঁশখালীর একটি আদালতে তাদের হাজির করা হলে বাঁশখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসনের খাসকক্ষে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। জবানবন্দিতে জঙ্গি সংগঠন শহীদ হামজা ব্রিগেডকে অর্থায়নের কথা স্বীকার করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শাকিলা ফারজানা, মো. হাসানুজ্জামান লিটন এবং মাহফুজ চৌধুরী বাপন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী বিকাশ রঞ্জন ধর সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ম্যাজিস্ট্রেট তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি লিপিবদ্ধ করেছেন।
এদিকে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট কফিল উদ্দিন বলেছেন, র্যাবের মাধ্যমে আসামিদের ভয়ভীতি দেখিয়ে ১৬৪ ধরায় জবানবন্দি নেয়া হয়েছে। জঙ্গি অর্থায়নের ঘটনা মিথ্যা, বানোয়াট ও সাজানো।
রোববার সকাল ১০টার দিকে মামলার তদন্ত কর্মকর্তা র্যাব-৭ এর এএসপি রহুল আমিন তাদেরকে আদালতে নিয়ে আসেন।
গত মঙ্গলবার সুপ্রিম কোর্টের এই তিন আইনজীবীকে রাজধানীর ধানমণ্ডি থেকে গ্রেফতার করা হয়। বুধবার তাদের ৩ দিনে রিমান্ডে দেয় চট্টগ্রামের একটি আদালত।
শহীদ হামজা ব্রিগেড নামের একটি জঙ্গি সংগঠনকে অস্ত্র কেনার জন্য ১ কোটি ৮ লাখ টাকা যোগান দেয়ার অভিযোগ আনা হয় ওই তিন আইনজীবীর বিরুদ্ধে। এদিকে ওই তিন আইনজীবীর জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

