শ্রীপুরে কারখানার দেয়াল চাপা পড়ে শ্রমিক নিহত, বিক্ষোভ-ভাঙচুর

প্রকাশিত: August 24, 2015 | সময়: 11:59 am

শ্রীপুর প্রতিনিধি ॥ গাজীপুরের শ্রীপুর উপজেলায় এক কারখানার পার্টিশন ওয়াল ধ্বসে এতে চাপা পড়ে সোমবার সকালে এক শ্রমিক মারা গেছেন। নিহত নাসির আহম্মেদ (২৫) শ্রীপুর উপজেলার পূর্ব আক্তাপাড়া গ্রামের আহাম্মদ আলীর ছেলে। তিনি ওই কারখানার ডায়িং সেকশনের কেমিক্যাল ডিস্ট্রিবিউটর পদে কর্মরত ছিল।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান জানান, সোমবার সকাল ৭টার দিকে নাসির ডায়িং সেকশনে লবন আনতে গেলে হঠাৎ করে পাশের পার্টিশন ওয়ালটি তার উপর ধ্বসে পড়ে। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
তার মৃত্যুর খবর কারখানা এলাকায় ছড়িয়ে পড়লে সহকর্মীরা বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে তারা কারখানার জানালা-দরজার কাঁচ ও প্রধান ফটকে ভাঙচুর শুরু করে। পরে থানা পুলিশ ও গাজীপুর শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
কারখানার মহা-ব্যবস্থাপক (জিএম) খোরশেদ আলম জানান, পরিস্থিতি সামল দিতে কারখানা সোমবারের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে।