কুমিল্লা প্রতিনিধি ॥
কুমিল্লার কোটবাড়ীতে টিনবোঝাই একটি ট্রাক উল্টে ৬ জন নিহত হয়েছেন। নিহতরা সবাই নির্মাণ শ্রমিক। এ ছাড়া আহত হয়েছেন আরো ৩ জন।
রোববার দিনগত রাত ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ীর নন্দনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শহীদ মিয়া (৩২), ফজলু (৪০), জাহিদ মিয়া (৪২), আনোয়ার মিয়া (৩৮), শফিকুল (২৮) ও গেরু মিয়া (৩২)।
তাদের সবার বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার খোলাহাট গ্রামে।
ময়নামতি হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আওয়াল জানান, ট্রাকটি চট্টগ্রাম থেকে ঢাকায় যাচ্ছিল। পথিমধ্যে নন্দনপুর বিশ্বরোড এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে পড়ে। ঘটনাস্থলে ৬ নির্মাণ শ্রমিক নিহত হন। এ ছাড়া আহত হন আরও তিনজন। লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।
আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

