গাজীপুরে জমি দখল ও চাঁদা দাবির অভিযোগে আওয়ামীলীগ ও ছাত্রলীগ নেতা গ্রেফতার

প্রকাশিত: September 7, 2015 | সময়: 9:59 am

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুরে জোরপূর্বক জমি দখল ও চাঁদা দাবির অভিযোগে স্থানীয় আওয়ামীলীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে জয়দেবপুর থানার পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- গাজীপুর শহর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আইয়ুব রানা (৪৫) ও তার ভাই শহরের কাজী আজিম উদ্দিন কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি এবং ছাত্রলীগ নেতা লিয়াকত হোসেন (৩৫)। মামলায় তাদের অপর দুই ভাই গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি মাসুদ রানা এরশাদ ও মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক আলমগীর হোসেনকেও আসামি করা হয়েছে। ঢাকাস্থ রংপুর বিভাগ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক কেরামত উল্লাহ বিপ্লব শনিবার রাতে জয়দেবপুর থানায় মামলা {নং-২৬ (৯)}দায়ের করলে পুলিশ তাদের গ্রেফতার করে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গাজীপুর জেলা শহরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের সামনে ৪ শতাংশ ডোবা জমি ভূমিসংস্কার বোর্ড থেকে লিজ প্রাপ্ত হয় ওই সাংবাদিক সমিতি। শনিবার বিকালে বাদি ওই জমিতে এসে দেখতে পান গাজীপুর মাদকাসক্ত চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র নামীয় সাইনবোর্ড লাগিয়ে অবৈভাবে পাকা স্থাপনা নির্মাণ কাজ করছে। এসময় বাদি তার সমিতির নামে লিজকৃত জমিতে কাজ না করার জন্যর নির্মাণ শ্রমিকদের নিষেধ করলে শ্রমিকরা জানায় আসামিদের নির্দেশে তারা নির্মাণ কাজ করছে। এসময় খবর পেয়ে আসামিরাসহ অজ্ঞাত আরো ৪-৫জন ঘটনাস্থলে এসে বাদিকে চলে যেতে বলেন। এর কারণ জানতে চাইলে আসামিরা ওই জমি বুঝে নিতে হলে তাদের ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে দখল দিবেনা বলে হুমকি দেয়। এক পর্যায়ে তাকে প্রাণনাশের হুমকি দেয়া হয়। রাতেই বাদি জয়দেবপুর থানায় গিয়ে উল্লেখিতদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে রোববার ভোরে পুলিশ তাদের বাস ভবন থেকে গ্রেফতার করে।