গৃহকর্মী নির্যাতন ॥ ক্রিকেটার শাহদাতের স্ত্রীর ৫ দিনের রিমান্ড আবেদন

প্রকাশিত: October 4, 2015 | সময়: 3:31 pm

বাংলাভূমি২৪ ডেস্ক ॥

ঢাকা: গৃহকর্মী নির্যাতনের মামলায় জাতীয় দলের ক্রিকেটার শাহাদাত হোসেনের স্ত্রী নিত্য শাহাদাতকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেছে পুলিশ।

রোববার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইউনুস খানের আদালতে বেলা ২ টার দিকে ওই রিমান্ড আবেদনেরে শুনানি হবে বলে আদালত সূত্রে জানা গেছে।

তবে মামলার অপর আসামি ক্রিকেটার শাহাদাতকে এখনো পুলিশ গ্রেপ্তার করতে পারেনি।

গতকাল শনিবার রাতে রাজধানীর মালিবাগ এলাকা থেকে নিত্যকে গ্রেপ্তার করা হয়।

মালিবাগের এক আত্মীয়ের বাসায় আত্মগোপনে ছিল শাহাদাতের স্ত্রী। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল (শনিবার) রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

নির্যাতনের এ মামলায় শাহাদতও আসামি। তাকে এখনো খুঁজছে পুলিশ।

গত ৬ সেপ্টেম্বর দিবাগত রাতে রাজধানীর কালশী থেকে শাহাদাতের গৃহকর্মী মাহফুজা আক্তার হ্যাপিকে (১১) উদ্ধার করে পুলিশ। হ্যাপি পুলিশের কাছে দেয়া তার জবানবন্দিতে শাহাদাত ও তার স্ত্রীর নির্যাতনের কথা বলে। ওইদিন রাতেই মিরপুর মডেল থানায় শাহাদাত দম্পতির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন সাংবাদিক খন্দকার মোজাম্মেল হক।

এদিকে হ্যাপিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসা দেয়া হয়। তার শরীরের অধিকাংশ স্থানে গুরুতর জখম ও ফুলে গেছে, দু’চোখে আঘাতের চিহ্ন ও ফোলা। শরীরের বিভিন্ন স্থানে ছ্যাঁকার দাগ রয়েছে।

গত ১৩ সেপ্টেম্বর হ্যাপি ঢাকার সিএমএম আাদলতে তার উপর নির্যাতনের বর্ণনা দেন।

গত ৮ সেপ্টেম্বর জাতীয় প্রেস ক্লাবের সামনে নির্যাতনকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্ক ও শ্রমিক নিরাপত্তা ফোরাম।

মানববন্ধন থেকে দাবি জানিয়ে বলা হয়, নির্যাতনকারীদের দ্রুত গ্রেপ্তারের পাশাপাশি এ মামলা দ্রুত বিচার আইনে নিষ্পত্তি করতে হবে। পাশাপাশি দেশে গৃহশ্রমিক নির্যাতনের সকল ঘটনার সুষ্ঠু বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।