স্টাফ রিপোর্টার ॥
৪ হাজার ১১৯ কোটি টাকা আত্মসাৎ ও মানি লন্ডারিংয়ের (অর্থ পাচার) অভিযোগে দুদকের করা পৃথক দুটি মামলায় ডেসটিনির ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিনসহ ৫১ আসামির বিরুদ্ধে চার্জ শুনানির জন্য ১১ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত। বৃহস্পতিবার ওই দুই মামলার আংশিক শুনানি শেষে ঢাকার সিনিয়র স্পেশাল জজ মো. কামরুল হোসেন মোল্লার আদালত এ দিন ধার্য করেন। এ সময় ডেসটিনির পক্ষে অ্যাডভোকেট এহসানুল হক সমাজি ও দুদকের পক্ষে অ্যাডভোকেট মোশারফ হোসেন কাজল শুনানিতে অংশ নেন। আদালত সূত্রে জানা গেছে, দুদকের উপ-পরিচালক মোজাহার আলী সরদার ও সহকারী পরিচালক মো. তৌফিক দীর্ঘ তদন্তের পর ২০১৪ সালের ৪ মে পৃথক দুটি মামলার চার্জশিট আদালতে দাখিল করেন। চার্জশিটে রফিকুল আমীনসহ ৫১ জনকে অভিযুক্ত করা হয়। মামলা দুটির মধ্যে একটিতে ১৯ জনের বিরুদ্ধে আর অন্যটিতে ৪৬ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। দুটি মামলায় একই ব্যক্তি একাধিকবার আসামি হওয়ায় মোট আসামির সংখ্যা ৫১। তদন্ত কর্মকর্তারা চার্জশিটে উল্লেখ করেন, অতি মুনাফার প্রলোভন দেখিয়ে মাল্টি লেভেল মার্কেটিং (এমএলএম) ব্যবসার মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড এবং ডেসটিনি ট্রি প্ল্যান্টেশন লিমিটেড গ্র“পের পরিচালকরা বিভিন্ন প্যাকেজের শেয়ার দেখিয়ে ওই পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছেন। ডেসটিনির পরিচালকরা ওই সব অর্থ ৩২টি অলাভজনক প্রতিষ্ঠানে বিনিয়োগের নামে নিজেদের ব্যক্তিগত ব্যাংক হিসাবে স্থানান্তর করেছেন, যা আইন পরিপন্থী। ওই দুটি মামলায় আসামির মধ্যে অন্যতম হলেন- সাবেক সেনাপ্রধান ও ডেসটিনি প্র“পের প্রেসিডেন্ট লে. জেনারেল (অব.) হারুন-অর-রশিদ, ডেসটিনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমীন, তার স্ত্রী ফারাহ দীবা, ডেসটিনি ২০০০ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক গোফরানুল হক, পরিচালক মেজবাহ উদ্দিন।

