মুক্তিযোদ্ধাদের চাকরির বয়সসীমা ৬৫ আপিলে বহাল

প্রকাশিত: November 16, 2015 | সময়: 1:43 pm

স্টাফ রিপোর্টার ॥
মুক্তিযোদ্ধাদের চাকরির বয়সসীমা ৬৫ করার বিষয়ে হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। আগামী ৬০ দিনের মধ্যে এ বিষয়টি মন্ত্রিপরিষদে উপস্থাপনের নির্দেশ দেয়া হয়েছে।
সোমবার সকালে প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। আদালতে মুক্তিযোদ্ধাদের পক্ষে ছিলেন আইনজীবী আজহারুল্লাহ ভূঁইয়া।
২০০৬ সালের ১২ জুলাই এক চিঠিতে প্রধানমন্ত্রীর কার্যালয় মুক্তিযোদ্ধাদের চাকরি থেকে অবসর গ্রহণের বয়সসীমা ৫৭ বছর থেকে ৬৫ বছরে উন্নীত করার প্রস্তাব মন্ত্রিসভার বৈঠকে উত্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়। কিন্তু ওই সময় বিষয়টি মন্ত্রিসভায় উপস্থাপন করা হয়নি।
এরপর ২০০৮ সালের ২৪ ডিসেম্বর তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার অনুমোদনক্রমে সব চাকরিজীবীর অবসর গ্রহণের বয়সসীমা বৃদ্ধির বিষয়টি প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির বৈঠকে উপস্থাপন করা হয়। সচিব কমিটির সুপারিশের ভিত্তিতে চাকরিজীবী মুক্তিযোদ্ধাদের অবসর গ্রহণের বয়সসীমা ৬২ বছর ও সাধারণ চাকরিজীবীদের বয়সসীমা ৬০ বছরে উন্নীত করার বিষয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সারসংক্ষেপ পাঠানো হয়। কিন্তু কোনো ধরনের নির্দেশনা ছাড়াই তা ফেরত আসে।
এরপর ২০১০ সালের ৩ ফেব্রুয়ারি ‘গণকর্মচারী অবসর আইন ১৯৭৪’ সংশোধন করে মুক্তিযোদ্ধা কর্মকর্তা-কর্মচারীদের অবসরের বয়সসীমা ৫৭ বছর থেকে বাড়িয়ে ৫৯ বছর করা হয়।