এবার ক্যালিফোর্নিয়ার প্রতিবন্ধী সেবাপ্রতিষ্ঠানে গুলি, নিহত ১৪

প্রকাশিত: December 3, 2015 | সময়: 9:54 am

বাংলাভূমি২৪ ডেস্ক ॥

ঢাকা : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় প্রতিবন্ধীদের জন্য সেবামূলক একটি সংস্থায় বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ১৪ জন নিহত এবং পুলিশ কর্মকর্তাসহ ১৭ জন আহত হয়েছেন।

সান বার্নারডিনো শহরের দমকল বিভাগ থেকে জানানো হচ্ছে, গুলিতে ২০ জন হতাহত হয়েছে। তবে এ ব্যাপারে তারাও নিশ্চিত কোনো তথ্য দিতে পারেনি। ওই এলাকাটি এখন খালি করার চেষ্টা করছে তারা।

যুক্তরাষ্ট্রের এবিসি নিউজ জানিয়েছে, গুলির ঘটনায় ১৪ জন নিহত হয়েছে, তবে পুলিশ এখনো এই সংখ্যা নিশ্চিত করেনি।

স্যান বার্নার্ডিনো পুলিশ ডিপার্টমেন্টের প্রধান জ্যারোড বার্গান বলেন, ‘বন্দুকধারী গুলি করতে ভারী অস্ত্র ব্যবহার করেছিল। প্রায় তিনজন বন্দুকধারী এ ঘটনায় জড়িত ছিলেন। এ সময় তারা একটি ঘন কালো রঙের এসইউভি গাড়ি ব্যবহার করেছেন। স্যান বার্নার্ডিনো ফায়ার ডিপার্টমেন্টও একই কথা উল্লেখ করেছেন।

ঘটনাস্থলের নিকটবর্তী লোমা লিন্ডা হাসপাতালের মুখপাত্র ব্রায়ানা পাস্তোরিনো জানিয়েছে, তারা আহতদের সেবা দেয়ার জন্য সর্বাত্মক প্রস্তুতি নিয়ে আছে।

কলোরাডো অঙ্গরাজ্যের একটি জন্মনিয়ন্ত্রণ ক্লিনিকে এক খ্রিস্টান চরমপন্থির হামলায় তিনজন নিহত হওয়ার এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে এ ঘটনা ঘটলো।