পৌর নির্বাচন নিয়ে দিক নির্দেশনা দিলেন খালেদা

প্রকাশিত: December 13, 2015 | সময়: 11:24 am

স্টাফ রিপোর্টার ॥
ঢাকা : আসন্ন পৌরসভা নিয়ে দলের সিনিয়র নেতাদের সঙ্গে রুদ্ধদার বৈঠক করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বৈঠকের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। দলের সহ-দপ্তর সম্পাদক আসাদুল করিম শাহীন সাংবাদিকদের বলেছেন, এ বৈঠকের আরো ফলোআপ রয়েছে। ভবিষ্যতে মহাসচিব এ নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন।

তবে বৈঠকে উপস্থিত থাকা নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, পৌর নির্বাচন উপলক্ষে বিভাগীয় পর্যায়ে কমিটি করে তাদের স্ব স্ব এলাকায় যাওয়ার নির্দেশনা দেয়া হয়েছে।

গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে শনিবার রাত ৯টায় বৈঠক শুরু হয়। প্রায় দেড় ঘণ্টার বৈঠকে পৌর নির্বাচনে দলীয় প্রার্থীদের অবস্থা, বিভাগীয় পর্যায়ে মনিটরিং সেলের জন্য সদস্যদের নামের তালিকাসহ প্রচারণার কৌশল নিয়ে আলোচনা হয় বলে বৈঠকে অংশ নেয়া কয়েকজন নেতা জানান।

আগামী ৩০ ডিসেম্বর সারাদেশে ২৩৪টি পৌরসভায় ভোট হবে। তফসিল অনুযায়ী রোববার প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।

বৈঠকে মির্জা ফখরুল ছাড়াও বিএনপির ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ, হাফিজউদ্দিন আহমেদ, আবদুল্লাহ আল নোমান, আলতাফ হোসেন, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা শাহজাহান ওমর, মাহমুদুল হাসান, খন্দকার মাহবুব হোসেন, আবদুস সাত্তার, আবদুল মান্নান, মীর নাসির, ইনাম আহমেদ চৌধুরী, হারুন আল রশীদ, অধ্যাপক মাজেদুল ইসলাম, শামসুজ্জামান দুদু, আবদুল হালিম, এজেডএম জাহিদ হোসেন, এজে মোহাম্মদ আলী, জয়নাল আবেদিন, আহমেদ আজম খান, হায়দার আলী ও জহুরুল ইসলাম উপস্থিত ছিলেন।

যুগ্ম-মহাসচিবদের মধ্যে মোহাম্মদ শাহজাহান, মিজানুর রহমান মিনু, মাহবুবউদ্দিন খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, মশিউর রহমান, আসাদুল হাবিব দুলু, গোলাম আকবর খন্দকার, সহ-সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন জীবন, আসলাম চৌধুরীও বৈঠকে ছিলেন।

এর আগে গত বৃহস্পতিবার দলের স্থায়ী কমিটির নেতাদের সঙ্গে বৈঠক করেন খালেদা জিয়া। ওই বৈঠকে নির্বাচন তদারকির জন্য কেন্দ্রীয়ভাবে একটি এবং সাতটি বিভাগে মনিটরিং সেল গঠনের সিদ্ধান্ত হয়।

বৈঠকের বিষয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার শাজাহান ওমর বলেন, ‘মূলত পৌর নির্বাচন নিয়ে আজকের বৈঠকে আলোচনা হয়েছে। কমিটি গঠন করে স্ব স্ব এলাকায় সকলকে সক্রিয় থাকতে বলা হয়েছে।’ যেসব এলাকায় দলীয় প্রার্থীদের মনোনয়ন বাতিল হয়েছে সেসব এলাকায় আইনগত লড়াই চালিয়ে যাওয়ার পাশাপাশি বিকল্প চিন্তাও করা হচ্ছে।

বিদ্রোহী প্রার্থীদের সম্পর্কে তিনি বলেন, ‘আমাদের বিদ্রোহী কম। যা আছে তা আমরা ম্যানেজ করতে পারবো।’