ঢাবির পর রাবিতেও বাতিল দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ

প্রকাশিত: December 20, 2015 | সময়: 11:14 am

স্টাফ রিপোর্টার ॥
রাবি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পর এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়েও (রাবি) দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ বাতিল করা হয়েছে।

শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিষয়টি বাংলামেইলকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর এন্তাজুল হক।

তিনি জানান, ২০১৫-১৬ শিক্ষাবর্ষে যারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন তারা দ্বিতীয় বার অংশ নিতে পারবেন না। আগামী ২০১৬-১৭ শিক্ষাবর্ষ থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। সিদ্ধান্ত অনুযায়ী রাবির আগামী ভর্তি পরীক্ষায় ২০১৬ সালে পাস করা শিক্ষার্থীরাই শুধু অংশগ্রহণ করতে পারবেন।

বিশ্ববিদ্যালয় সূত্রমতে, শনিবার বিকেলে রাবি উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিনের সভাপতিত্বে একাডেমিক কাউন্সিলের সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়।

অ্যাকাডেমিক কাউন্সিলের সদস্য বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক আমজাদ হোসেন বলেন, ‘অনেকে দ্বিতীয়বার পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নিয়ে অন্যের হয়ে পরীক্ষা দেয়। এছাড়া সার্বিক বিষয় চিন্তা করে আজ (শনিবার) অ্যাকাডেমিক কাউন্সিলে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।’

উল্লেখ্য, এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার অংশগ্রহণের সুযোগ বাতিল করা হয়। এ নিয়ে আন্দোলন করেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। ঢাবির সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিটও করা হয়। তবে তা খারিজ হয়ে যায়।