চূড়ান্ত রায় হল যুদ্ধাপরাধে ষষ্ঠ মামলার

প্রকাশিত: January 6, 2016 | সময়: 10:29 am

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা : জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর চূড়ান্ত এ রায়ের মধ্য দিয়ে মোট ৬টি মামলায় চূড়ান্ত রায় দেয়া হল। এর আগে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লা, নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী, সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান, বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর চূড়ান্ত রায় দেয়া হয়।

এছাড়া শুনানি চলার মধ্যেই মুক্তিযুদ্ধকালীন জামায়াত আমির গোলাম আযম ও বিএনপির সাবেক মন্ত্রী আবদুল আলীমের মৃত্যু হওয়ায় তাদের আপিলের নিষ্পত্তি হয়ে গেছে। ছয়টি মামলার মধ্যে দেলাওয়ার হোসাইন সাঈদী ছাড়া সবার মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল এবং কার্যকর করা হয়েছে।

২০১৩ সালের ১৭ সেপ্টেম্বর চূড়ান্ত রায়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার ফাঁসির আদেশ হলে ওই বছর ১২ ডিসেম্বর দণ্ড কার্যকর করা হয়।

ঠিক এক বছর পর আপিলের দ্বিতীয় রায়ে জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দেয় আপিল বিভাগ। সম্প্রতি ওই রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হওয়ায় রাষ্ট্রপক্ষ রিভিউ আবেদন করবে বলে জানিয়েছে।

২০১৩ সালের ৩ নভেম্বর আপিল বিভাগ তৃতীয় রায়ে জামায়াতের আরেক সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানকে সর্বোচ্চ সাজা দিলে ২০১৪ সালের ১১ এপ্রিল তার ফাঁসি কার্যকর করা হয়।

২০১৫ সালের বছর ১৬ জুন জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে ট্রাইব্যুনালের দেয়া ফাঁসির রায়ই বহাল রাখে আপিল বিভাগ। আর বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর আপিলের রায় আসে ২৯ জুলাই। গতবছর ২১ নভেম্বর রাতে একইসঙ্গে তাদের দুজনের দণ্ড কার্যকর করা হয়।