বিধ্বস্ত হয়ে বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে

প্রকাশিত: January 11, 2016 | সময়: 1:28 pm

স্পোর্টস ডেস্ক ॥
ঢাকা: বিপদের বন্ধু হয়ে নভেম্বরে বাংলাদেশে এসেছিল জিম্বাবুয়ে ক্রিকেট দল। অস্ট্রেলিয়া নির্ধারিত সফর বাতিলের পর তাড়াহুরো করে দলটিকে নিয়ে এসেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভারতে টি২০ বিশ্বকাপের আগে সেই জিম্বাবুয়ের সঙ্গেই বাংলাদেশ খেলবে প্রস্তুতিমূলক টি২০ সিরিজ।

চার ম্যাচের সিরিজ খেলতে আজ (সোমবার) বিকেলেই আসছে জিম্বাবুয়ে। বিকেল ৪টা ৫৫ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার কথা রয়েছে তাদের। আগামী ১৫ জানুয়ারি খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে শুরু হবে সিরিজটি। বাকি ম্যাচগুলো ১৭, ২০ ও ২২ জানুয়ারি একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশে স্বল্প সময়ের ব্যবধানে দুটি সফরেই জিম্বাবুয়ে দলের একটা অদ্ভুত মিল রয়েছে। কারণ সেবারও আফগানিস্তানের কাছে বিধ্বস্ত হওয়ার পর সীমিত ওভার সিরিজ খেলতে বাংলাদেশে এসেছিল। এবারও সেই আফগানদের কাছে বিধ্বস্ত হয়েই আসছে এল্টন চিগুম্বুরার দল। ঢাকায় পা রাখার একদিন আগেই দ্বিতীয় টি২০ ম্যাচে আফগানদের কাছে ৮১ রানে হেরে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে তারা। পার্থক্য আফগানদের বিপক্ষে আগেরবার তারা খেলেছে হোম সিরিজে। আর এবার খেলা হয়েছে সংযুক্ত আরব আমিরাতে।

বাংলাদেশ সেবার পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করে। তবে দুই ম্যাচের টি২০ সিরিজের একটি করে ম্যাচ জিতে দুদল। তাই সেই সফরে দ্বিতীয় টি২০ ম্যাচের সুখস্মৃতি মাথায় নিয়েই এবার আসছে জিম্বাবুয়ে দল। এই সিরিজে যারা ভালো করবে ভারতে টি২০ বিশ্বকাপের আগে তারাই থাকবে বেশি আত্মবিশ্বাসী।

এদিকে বাংলাদেশ সফরের জন্য জিম্বাবুয়ে স্কোয়াডে ডাক পেয়েছেন ভুসিমুজি সিবান্দা ও ব্রায়ান ভিটরি। আর চোট কাটিয়ে ফিরেছেন শন উইলিয়ামস। আর আফগানদের বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজের দল থেকে ছিটকে গেছেন মিডল অর্ডার ব্যাটসম্যান ক্রেইগ আরভিন ও পেসার তিনাশে পানিয়াঙ্গারা।

জিম্বাবুয়ে দল: ম্যালকম ওয়ালার, পিটার মুর, এল্টন চিগুম্বুরা (অধিনায়ক), সিকান্দার রাজা, গ্রায়াম ক্রেমার, হ্যামিল্টন মাসাকাদজা, রিচমন্ড মুতুম্বামি, শন উইলিয়ামস, চামু চিবাবা, নেভিল মাডজিভা, লুক জঙ্গয়ে, টাওরাই মুজারাবানি, টেন্ডাই চিসোরো, ওয়েলিংটন মাসাকাদজা, ভুসিমুজি সিবান্দা, ব্রায়ান ভিটরি।