স্কুলছাত্রী নিহতের ঘটনায় ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ

প্রকাশিত: January 16, 2016 | সময়: 12:29 pm

স্টাফ রিপোর্টঅর ॥

ঢাকা: রাজধানীর শাহবাগে মৎস্য ভবনের সামনে বাসের চাপায় স্কুলছাত্রী নিহত হওয়ার ঘটনায় ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
শনিবার সকাল সাড়ে নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রতিবাদে স্কুলের শিক্ষার্থীরা এক ঘণ্টা সড়ক অবরোধ করে। এর এক ঘণ্টা পর সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সরিয়ে দেয়। নিহত স্কুলছাত্রীর নাম সাবিহা আক্তার। সে সেগুনবাগিচায় রহিমা আদর্শ উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণির ছাত্রী ছিল।

ঘটনাস্থলে দায়িত্ব পালনরত পুলিশ কর্মকর্তা ইব্রাহীম বলেন, দুর্ঘটনার পরপরই তার স্কুলের সহপাঠী ও শিক্ষার্থীরা দুর্ঘটনাস্থলে এসে সড়ক অবরোধ করে। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিকল্প রাস্তায় যান চলাচলের কারণে ওই এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দোষীদের আইনের আওতায় এনে শাস্তির আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা। এখন সড়কের দুই পাশে যান চলাচল শুরু হয়েছে।

পুলিশ কর্মকর্তা ইব্রাহীম বলেন, আট নম্বর বাস স্কুলছাত্রী সাবিহাকে চাপা দেয়। বাসটি আটক করা হয়েছে। চালককে ধরার চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা হবে। নিহত ছাত্রীর লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।