স্পোর্টস ডেস্ক ॥
ঢাকা: স্বপ্নের দৌড় অব্যাহত পিভি সিন্ধুর৷ ২০১৩ সালের পর আবারও মালয়েশিয়া গ্র্যান্ড পিক্স গোল্ড ওপেন জিতলেন তিনি৷ ফাইনালে হারালেন স্কটল্যান্ডের ক্রিস্টি গ্লিমোরকে৷ এই নিয়ে কেরিয়ারের পঞ্চম গ্র্যান্ড পিক্স গোল্ড খেতাব জিতলেন হায়দরাবাদী ব্যাডমিন্টন তারকা৷ রবিবার টুর্নামেন্টের তৃতীয় বাছাই ভারতীয় তারকা মাত্র ৩২ মিনিটেই তাঁর স্কটিশ প্রতিপক্ষকে খেতাবি লড়াইতে হারিয়ে দেন৷ খেলার ফল সিন্ধুর পক্ষে ২১-১৫, ২১-৯৷ ম্যাচে একবারের জন্যও সিন্ধুকে বেগ দিতে পারেন নি গ্লিমোর৷ প্রথম সেটে কিছুটা লড়াই করলেও দ্বিতীয় সেটে সিন্ধু ঝড়ে উড়ে যান অবাছাই ক্রিস্টি৷ এই ম্যাচটিকেই সিন্ধুর কেরিয়ারের অন্যতম সেরা জয় বলছেন বিশেষজ্ঞরা৷ এর আগে সেমিফাইনালে নিজেকে অনবদ্যভাবে মেলে ধরেছিলেন এই ভারতীয় তারকা৷ তিন সেটের লড়াইয়ের পর সাঙ জি হায়ানকে হারিয়ে মালয়েশিয়া ওপেনের ফাইনালে উঠছিলেন তিনি৷ সিন্ধুর পক্ষে ম্যাচের ফল ছিল ২১-১৯, ১২-২১ ও ২১-১০৷ ওই ম্যাচের পর তিনি বলেছিলেন,‘কঠিন ম্যাচ জিতলাম ৷ ফাইনালে উঠে খুব ভালো লাগছে ৷ এবার লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া ৷ ফাইনালে আরও কঠিন লড়াই ৷ তবে ফাইনাল ম্যাচ জেতার ব্যাপারে আমি আশাবাদী৷’ আর এদিন তিনি সেটাই করে দেখিয়েদিলেন৷ সূত্র: কলকাতা

