রাদাওয়ানস্কাকে উড়িয়ে দিয়ে ফাইনালে সেরেনা

প্রকাশিত: January 28, 2016 | সময়: 11:40 am

স্পোর্টস ডেস্ক ॥
ঢাকা: সেরেনা উইলিয়ামসের সাথে কখনো পারেননি আগ্নিয়েস্কা রাদাওয়ানস্কা। এবারও পারলেন না। অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে রাদাওয়ানস্কাকে হারিয়ে ফাইনালে উঠে যেতে সেরেনার সময় লাগলো মাত্র ৬৪ মিনিট। মাত্র ৪টি গেম হেরেছেন এই বর্তমান চ্যাম্পিয়ন।
মেলবোর্নের রড লেভার অ্যারেনায় ছাদের নিচে চলছিল এই জুটির খেলা। বাইরে তখন বৃষ্টির দাপট। আর এই ম্যাচ সেরেনা জিতেছেন ৬-০, ৬-৪ এ। ৩৪ বছরের সেরেনা কোয়ার্টার ফাইনাল পেরোলে অস্ট্রেলিয়ান ওপেন জিতেই ফিরেছেন প্রতিবার। এবারও কি তাই হবে? সপ্তম অস্ট্রেলিয়ান ওপেন জয়ের দিকে চোখ তার। আর ২২তম গ্র্যান্ড স্ল্যাম জিতে স্টেফি গ্রাফকে ধরে ফেলার টার্গেট। ফাইনালে ব্রিটেনের জোহান্না কন্টা কিংবা জার্মানির অ্যাঞ্জেলিক কারবারের বিপক্ষে খেলবেন সেরেনা। ২৬ বছরের রাদাওয়ানস্কা চতুর্থ বাছাই। টানা ১৩ ম্যাচ জিতেছেন। কিন্তু সেরেনার সাথে আগের আট দেখার প্রতিটি ম্যাচেই হেরেছেন। শীর্ষ বাছাই ও বিশ্বের এক নম্বর খেলোয়াড় সেরেনা প্রথম সেটে দাঁড়াতেই দেননি প্রতিপক্ষকে। ৫ ফুট ৮ ইঞ্চি উচ্চতার পোলিশ রাদাওয়ানস্কাকে অসহায় বানিয়ে ২০ মিনিটেই সেটটা জিতেছেন সেরেনা। দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন রাদাওয়ানস্কা। ৩-১ এ পিছিয়ে ছিলেন। সেখান থেকে টানা চার গেম জিতলেন রাদাওয়ানস্কা। মনে হচ্ছিল জোর লড়াই হবে। কিন্তু ফিরে আসেন সেরেনা। প্রতিপক্ষের সব চেষ্টা মাটি করে দিয়ে ফাইনালে ওঠার উৎসবে মাতেন এই মার্কিন তারকা।