ঝিনাইদহে প্রশাসনের হস্তক্ষেপে অশ্লীল নৃত্য ও জুয়ার আসর বন্ধ

প্রকাশিত: January 29, 2016 | সময়: 10:01 pm

ঝিনাইদহ থেকে জাহিদুর রহমান তারিক ॥
ঝিনাইদহের কালীগঞ্জে সার্কাসের নামে জুয়া ও অশ্লীল নৃত্য প্রদর্শণী বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন। বৃহস্পতিবার বিভিন্ন সংবাদপত্রে এ সংক্রান্ত খবর প্রকাশিত হলে প্রশাসনের টনক নড়ে। বৃহস্পতিবার সকালে উপজেলা আইন শৃংখলা কমিটির সভায় বিষয়টি তুলে ধরা হলে সভায় সর্বসম্মতিক্রমে তা বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়। ওই সভায় উপস্থিত রাখালগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিদুল ইসলাম মন্টুকে মৌখিকভাবে সার্কাসের নামে জুয়া ও অশ্লীল নৃত্য বন্ধ করার জন্য জানিয়ে দেয়া হয়। এছাড়া উপজেলা প্রশাসন চিঠি করে স্থানীয় পুলিশ প্রশাসনকে প্রেরণের মাধ্যমে সার্কাসের নামে অশ্লীল নাচ ও গান দ্রুত বন্ধের জন্য সিদ্ধান্ত নিয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মানোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কমিটির উপদেষ্টা উপজেলা চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান মতি, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ পারভিন প্রমুখ। সভায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া সভায় যানজট ও ফুটপথ দখলমুক্ত করতে মোবাইল কোর্ট পরিচালনা, বৈশাখী পেট্রোল পাম্প মোড়ে ট্রাফিক আইল্যান্ড করার জন্য পুলিশ সুপারকে চিঠি প্রেরণ, প্রবাসীদের তালিকা নির্ধারণসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়।