জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি ॥
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ঈশ্বরবা ও বেজপাড়া নামক স্থানে রোববার সকালে পৃথক সড়ক দুর্ঘটনায় ১০ জন আহত হয়েছে। আহতরা হলো-কালীগঞ্জ উপজেলার সাহাপুর ঘি-ঘাটি গ্রামের কলেজছাত্রী চৈতি, রুমকি একই গ্রামের জলিল ও বিদ্যুত, বগুড়া জেলার গাবতলি এলাকার বাপ্পী, রানা ও বাদশাসহ ১০ জন। আহতদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঝিনাইদহের কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার মতিয়ার রহমান জানান, সকাল সাড়ে ৭টার দিকে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের ঈশ্বরবা নামক স্থানে সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ২ কলেজ ছাত্রীসহ ৪ জন আহত হয়। অপরদিকে ঝিনাইদহ-কালীগঞ্জ সড়কের বেজপাড়া নামক স্থানে ২টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৬ জন আহত হয়। খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা ঘটনস্থলে পৌছে আহত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে দ্বায়িত্বরত ডাক্তার আশরাফুজ্জামান সজিব জানান, আহতদের মধ্যে বাদশা ও বাপ্পীর অবস্থা গুরুতর। তাদের যশোর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন জানান, ঘন কুয়াশার কারণে এই র্দুঘটনা ঘটতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।
