স্টাফ রিপোর্টার ॥
ঢাকা : নাশকতার ৯ মামলায় সাবেক ছাত্রনেতা ও লক্ষ্মীপুরের সাবেক এমপি বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর জামিনের আবেদন নাকচ করেছে দায়রা জজ আদালত।
সোমবার (৮ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ মো. কামরুল হোসেন মোল্লা জামিন নাকচের ওই আদেশ দেন।
এর আগে গত ২৮ জানুয়ারি ঢাকা সিএমএম আদালতে আত্মসমর্পণ করে জামিনের প্রার্থনা করলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর থেকে তিনি কারাগারে আছেন।
মামলার আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন মেজবাহ জানান, মামলা ৯টির মধ্যে পল্টন থানার ৭টি, মতিঝিল থানার ১টি ও সূত্রাপুর থানার একটি মামলা রয়েছে। এর মধ্যে পল্টন থানার একটি মামলায় চার্জশিট দাখিল হয়েছে এবং অপর মামলাগুলো তদন্তাধীন। তদন্তাধীন মামলাগুলোর মধ্যে সূত্রাপুর থানার মামলাটি হত্যা মামলা।

