পঞ্চগড়ে পুরোহিতকে গলা কেটে হত্যা, গুলি-বোমায় আহত ২

প্রকাশিত: February 21, 2016 | সময়: 12:52 pm

জেলা প্রতিনিধি, পঞ্চগড় ॥
জেলার দেবীগঞ্জ উপজেলায় এক মন্দিরের পুরোহিত ও অধ্যক্ষ যজ্ঞেশ্বর রায়কে (৫৫) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তের গুলি ও বোমার আঘাতে আহত হয়েছেন দুই ব্যক্তি।

রোববার (২১ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে দেবীগঞ্জ উপজেলা সদরের করতোয়া নদী সংলগ্ন শ্রীশ্রী শান্ত গৌড়ীয় মন্দিরের মঠে এ নির্মম ঘটনা ঘটে।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আখতার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালের দিকে মোটরসাইকেলে করে আসা তিন দুর্বৃত্ত গৌড়ীয় মঠ সংলগ্ন বাড়িতে ঢুকে মঠের প্রধান পুরোহিত ও অধ্যক্ষ যজ্ঞেশ্বর রায়ের (৫৫) ওপর হামলা চালায়। এ সময় তারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে তাকে।

স্থানীয় লোকজন ওই সন্ত্রাসীদের ধাওয়া করলে মোটরসাইকেলে করে পালানোর সময় প্রথমে তারা ককটেল বিস্ফোরণ ঘটায়, এরপর গুলিও চালায়। এ সময় পূজারি গোপাল চন্দ্র রায় (৩৫) গুলিবিদ্ধ হন। তার ডান হাতে গুলি লেগেছে। বোমায় আহত হন নিতাই চন্দ্র রায়। আহত পূজারি গোপাল চন্দ্র রায়কে রংপুর মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ সুপার গিয়াস উদ্দিন আহাম্মদ বলেন, ‘জেলার সকল হিন্দু ধর্মশালায় নিরাপত্তা জোরদার ছিল। কারা হত্যাকারী এবং কী কারণে এমন হলো তা খতিয়ে দেখা হচ্ছে।’ ঘটনার পর স্থানীয় সাংসদ, জেলা প্রশাসক ও পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।