বাংলাদেশের সব অর্জন ত্যাগের মাধ্যমেই

প্রকাশিত: February 22, 2016 | সময়: 5:03 pm

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ যা কিছু অর্জন করেছে, তা মহান ত্যাগের মধ্য দিয়েই অর্জন করেছে। কোনো ত্যাগই বৃথা যায় না। তাইতো বায়ান্নর ভাষা আন্দোলনের স্মারক একুশে ফেব্রুয়ারি আমাদের শহীদ দিবস আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

তিনি বলেন, একুশ বছর পর ১৯৯৬ সালে ক্ষমতায় এসে আমরা স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের হারানো ও বিকৃতির কবলে পড়া ইতিহাসকে ফিরিয়ে এনেছি। ভাষা আন্দোলনের মাধ্যমে পাওয়া বাংলা ভাষাকে মর্যাদার আসনে পুন:প্রতিষ্ঠিত করেছি। একুশে ফেব্রুয়ারি আমাদের মহান শহীদ দিবসকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালনের উদ্যোগ নিয়ে তা সফল করেছি।

সোমবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আওয়ামী লীগের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

মহান ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ ও ২৩ বছরের আন্দোলন-সংগ্রামের শহীদ এবং এ আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দানকারী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা, পঁচাত্তরের ১৫ আগস্ট বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বক্তব্য শুরু করেন প্রধানমন্ত্রী। তিনি স্বাধীনতা পরবর্তী ভোট ও ভাতের অধিকার রক্ষার আন্দোলনের শহীদদেরও স্মরণ করেন।

ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর অবদান তুলে ধরেন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধুর প্রস্তাবেই আটচল্লিশে প্রথম সর্বদলীয় ভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় এবং ওই বছরের ১৬ মার্চ তার সভাপতিত্বে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে প্রথম সভা অনুষ্ঠিত হয় বলেও উল্লেখ করেন তিনি। ওই বছরের ১১ সেপ্টেম্বর ভাষার দাবিতে বক্তৃতা করার অপরাধে পাকিস্তান সরকার তাকে গ্রেফতার করে। এরপর থেকে রাষ্ট্রভাষা আন্দোলনের কারণেই বার বার গ্রেফতার হন এবং বায়ান্নর ২৭ ফেব্রুয়ারি মুক্তি পান।

একুশে ফেব্রুয়ারি ১৪৪ ধারা ভঙ্গের মাধ্যমে মিছিল করার আগে বঙ্গবন্ধুর পরামর্শ নিয়েছিলেন ছাত্রনেতারা। বঙ্গবন্ধুও এ দাবিতে জেলে অনশন করেন।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তৃতা করেন উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ, সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম প্রমুখ।

সভায় মন্ত্রী, সংসদ সদস্য ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত রয়েছেন।