গাজীপুরে দ্বিতীয় শ্রেণির ছাত্রকে খুনের অভিযোগ

প্রকাশিত: March 3, 2016 | সময়: 12:36 pm

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার বেতজুরি এলাকায় শাহীন (৮) নামে দ্বিতীয় শ্রেণির এক স্কুল ছাত্রকে বাসা থেকে ডেকে নিয়ে খুনের অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (০৩ মার্চ) সকাল ১০টার দিকে ওই ছাত্রের মরদেহ উদ্ধার করে পুলিশ।

শাহীন দিনাজপুরের নবাবগঞ্জ থানার দক্ষিণ জয়দেবপুর গ্রামের এমদাদুল হকের ছেলে। এঘটনায় তাদের প্রতিবেশী পাপ্পু মিয়াকে আটক করেছে পুলিশ।

পাপ্পু দিনাজপুরের হাকিমপুর থানার টেংগ্রামের দেলুয়ার হোসেনের ছেলে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোহাম্মদ আলী জিন্নাহ জানান, এমদাদুল হক সপরিবারে শ্রীপুর উপজেলার বেতজুরি এলাকায় মো. তারা মিয়ার বাড়িতে ভাড়া থেকে দিনমজুরের কাজ করে। বুধবার (০২ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শাহীনকে বাসা থেকে ডেকে নিয়ে যায় প্রতিবেশী পাপ্পু মিয়া। পরে বেলতলী এলাকায় খালপাড় নিয়ে শাহীনকে লাঠি দিয়ে মাথায় আঘাত করে মরদেহ খালের পানিতে ফেলে দেয়।

বৃহস্পতিবার সকালে স্থানীয়রা পাশ্ববর্তী বেলতলী গ্রামে শাহীনের মরদেহ খালের পানিতে ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।

নিহত শাহীনের বাবা এমদাদুল হকের সঙ্গে পাপ্পু মিয়ার ঝগড়া-বিবাদ চলছিল। এর জেরে তাকে খুন করা হতে পারে বলে ধারণা করছে পুলিশ।