তিন বছর পর…

প্রকাশিত: August 13, 2013 | সময়: 12:26 pm

বিনোদন ডেস্ক ॥ বলিউডের সেক্সসিম্বল অভিনেত্রী অমৃতা অরোরা গত তিন বছরে নতুন কোন ছবিতে অভিনয় করেননি। এমনকি ‘দাবাং-২’-এর জন্য তাকে একটি চরিত্রের জন্য প্রস্তাব করা হলেও তাতে কাজ করার তেমন আগ্রহ দেখাননি তিনি। যদিও পরবর্তীতে জানা গেছে চরিত্র ছোট হওয়ার কারণেই ‘দাবাং-২’-এ কাজ করেননি অমৃতা। তবে এবার নতুন খবর হলো, নতুন একটি ছবি নিয়ে চলতি বছরেই প্রত্যাবর্তন ঘটছে এ অভিনেত্রীর। ইতিমধ্যে সেই ছবির কাজ অনেকটা শেষ করেছেন। ছবির নাম ‘এক তো চান্স’। সাঈদ আক্তার মির্জা পরিচালিত এ ছবিতে বেশ কিছু দৃশ্যে অর্ধনগ্ন হয়ে ক্যামেরাবন্দি হচ্ছেন তিনি। পাশাপাশি একাধিক রগরগে দৃশ্যেও দেখা যাবে অমৃতাকে। অনেক দিন পর ফিরে তাই এ ছবির মাধ্যমে দর্শকদের তাক লাগাতে যাচ্ছেন এ অভিনেত্রী। ছবিতে অমৃতা ছাড়াও অভিনয় করেছেন আলী ফজল, পুরাব কোহলি প্রমুখ। থ্রিলারনির্ভর এ ছবিতে অমৃতা অভিনয় করেছেন একজন আধুনিক শহুরে তরুণীর ভূমিকায়, যে কিনা হঠাৎ করেই অন্ধকার জগতের মানুষদের সঙ্গে জড়িয়ে পড়েন। তিন বছর পর নতুন ছবিতে অভিনয় প্রসঙ্গে অমৃতা বলেন, আমি চেয়েছিলাম একটি অন্যরকম ছবির মাধ্যমে বলিউডে ফিরতে। তেমনটাই হচ্ছে। আমি কখনই বলিউডে কাজ করতে গিয়ে কোন দৃশ্যে আপত্তি করিনি। এবারও তাই বেশ কিছু খোলামেলা দৃশ্যে কাজ করেছি। ঘনিষ্ঠ দৃশ্যও থাকবে কিছু। জানি এ নিয়ে আলোচনা-সমালোচনা হবে। আমি তার জন্য একদমই প্রস্তুত।