স্টাফ রিপোর্টার ॥
ঢাকা : রাজধানীর মিরপুর রোডের টেকনিক্যাল মোড়ে ঘাতক ট্রাকের ধাক্কায় মো. হাবিবুল্লাহ (২৩) নামের এক রিকশা আরোহী নিহত হয়েছেন। তিনি মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজের সিনিয়র নার্স ছিলেন।
শুক্রবার (১১ মার্চ) ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। হাবিবুল্লাহ বাবা রবিউল আলম বলে জানা গেছে। নিহতের লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ঈশ্বরদী থেকে হাবিবুল্লাহর এক বন্ধু আসার কথা ছিল। তাকে আনতেই তিনি ভোরে গাবতলী যান। ঘরে ফিরতে বন্ধুকে নিয়ে রিকশায় ওঠেন। টেকনিক্যাল মোড়ের সামনে তাদের রিকশা এলে পেছন থেকে ওই ঘাতক ট্রাক সজোরে ধাক্কা মারে। এতে হাবিবুল্লাহ গুরুতর আহত হন। তবে ওই বন্ধু ও রিকশাচালক প্রাণে বেঁচে যান।
পরে পথচারী মোস্তফা ও বন্ধুটি হাবিবুল্লাকে ঢামেকে নিয়ে এলে সকাল ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক পুলিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত ইনচার্জ জুলহাস উদ্দিন জুলহাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

