রাবিতে দলীয় কর্মীকে পেটালো ছাত্রলীগ

প্রকাশিত: March 14, 2016 | সময়: 11:38 am

রাবি প্রতিনিধি ॥

রাবি (রাজশাহী): বাংলাদেশ-ওমানের মধ্যকার খেলা দেখাকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রলীগের দলীয় এক কর্মীকে পিটিয়ে আহত করেছে অন্য গ্রুপের কর্মীরা। রোববার রাতে মাদার বখশ হলের টিভি কক্ষে এ ঘটনা ঘটে।

আহত ছাত্রলীগকর্মী নাঈম আহমেদ ভাষা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। ঘটনার পর তাকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া ও সাংগাঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ রুনুর অনুসারী। এবং মারধরকারী ছাত্রলীগকর্মী রিফাত, আরাফাত, বাপ্পী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা সাকিবুল হাসান বাকির অনুসারী।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাংলাদেশ-ওমানের মধ্যে অনুষ্ঠিত টি-টোয়েন্ট বিশ্বকাপ খেলা দেখার সময় নাঈম খেলা না দেখতে পারায় তার সামনে বসা ছাত্রলীগ কর্মী রিফাতকে সামনে থেকে সরতে বলে। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকটি হয়। একপর্যায়ে নাঈমকে পেটাতে শুরু করে রিফাত, আরাফাত ও বাপ্পীসহ অন্যরা। পরে সেখান থেকে নাঈমকে বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।

ভুক্তভোগী নাঈম ভুক্তভোগী নাঈম বলেন, ‘খেলা দেখার সময় তারা সামনের সারিতে দাঁড়িয়ে ছিল। পেছন থেকে খেলা দেখা যাচ্ছে না বললে তারা আমাকে বাইরে এনে বেধড়ক মারধর করে।’

জানতে চাইলে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুল ইসলাম রাঞ্জু বলেন, ‘আমি বিষয়টি শুনেছি। এর মধ্যে আরাফাত ও বাপ্পী মাদার বখ্শ হলের আবাসিক শিক্ষার্থী নয়। তাই তাদের আগামীকাল সকাল ১০টায় হল থেকে বের হয়ে যাওয়ার জন্য বলা হয়েছে।’

এ বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগ কর্মী রিফাত বলেন, ‘নাঈম তার সিনিয়র ভাই আরাফাতের ওপর অকারণে চড়াও হয়। এ জন্য আমরা তাকে একটু শাসন করেছি।’

মাদার বখশ হলের প্রাধ্যক্ষ প্রফেসর ড. তাজুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমি এখনো ভালোভাবে শুনিনি। বিস্তারিত জেনে দায়ীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেব।’