সাভারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: March 20, 2016 | সময়: 3:07 pm

স্টাফ রিপোর্টার ॥

সাভার (ঢাকা): সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের শোভাপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেলিম (২৬) নামে এক নির্মাণ শ্রমিক মারা গেছেন।

রোববার (২০ মার্চ) সকালে এ ঘটনা ঘটে। নিহত সেলিম দিনাজপুর জেলার বীরগঞ্জের মাহতাবপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শোভাপুর গ্রামে আশরাফ আলী নামে এক ব্যক্তির তিনতলা ভবনের নির্মাণ কাজ করছিলেন ১২ জন নির্মাণ শ্রমিক। সকালে মোটর দিয়ে পানি দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন সেলিম। পরে তাকে অন্য শ্রমিকরা উদ্ধার করে স্থানীয় আফনান হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম কামরুজ্জামান।