ভারতীয় সমর্থকদের একহাত নিলেন অসি পেসার

প্রকাশিত: April 2, 2016 | সময়: 11:50 am

বাংলাভূমি২৪ ডেস্ক ॥

ঢাকা: অস্ট্রেলিয়ার সাবেক তারকা পেসার মিচেল জনসনের সাথে ভারতীয় সমর্থকদের দ্বন্দ্বটা কিছুটা পুরোনো। কিছুদিন আগে ভারতীয় দলের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলিকে নিয়ে মন্তব্য করে আলোচনায় এসেছিলেন জনসন। তিনি বলেছিলেন, বড় ম্যাচগুলোতে কোহলি ভালো কিছু করতে পারবেন না। তার এমন মন্তব্যে বেশ চটেছিল ভারতীয় ক্রিকেট সমর্থকরা। এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টেনে সেমিফাইনাল নিশ্চিতের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ জেতানো ইনিংস খেলেছিলেন বিরাট। ওই ম্যাচে ৮২ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে একাই সেমিফাইনালে নিয়ে যান কোহলি। এরপর ম্যাচ শেষ হতেই ভারতীয় সমর্থকদের তোপের মুখে পড়েছিলেন জনসন। বৃহস্পতিবার সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের হারের পর ভারতীয় দর্শকদের একহাত যেন নিয়েই নিলেন জনসন। ভারতীয় দর্শকরা কোথায়, সেদিকে ইঙ্গিত করেছেন।