জেলা প্রতিনিধি, কক্সবাজার ॥
কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নে নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনা ঘটেছে। হামলা হয়েছে বসত বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে। এতে অন্তত ১০ জন আহত হয়েছে।
শনিবার মধ্য রাতে খুরুশকুলের কুলিয়া পাড়ায় এ ঘটনা ঘটে।পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।
এদিকে হামলা ও লুটপাটের ঘটনার প্রতিবাদে রোববার বিপুল সংখ্যক মানুষ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ করে।পরে জেলা প্রশাসক মো. আলী হোসেন ও জেলা পুলিশ সুপার শ্যামল কুমার দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বা দিয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে কুলিয়াপাড়ার ৯ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থী মাখন দে ৬৮ ভোটের ব্যবধানে অপর প্রার্থী আবুল হোসেনকে পরাজিত করেন। এরপর আবুল হোসেন সহ ১ থেকে দেড়শ লোক মধ্য রাতে কুলিয়াপাড়ায় হামলা চালায়।
হামলার সত্যতা স্বীকার করে ওই ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান জসিম উদ্দিন জানান, হামলায় কয়েকটি বসতঘর ভাংচুর ও আসবাসপত্র লুট হয়েছে।
হামলার ঘটনার বিচার দাবিতে কয়েক হাজার মানুষ রোববার বিক্ষোভ মিছিল করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেয়। বেলা ১২টায় মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ করে। এ সময় নব নির্বাচিত চেয়ারম্যান জসিম উদ্দিন, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট রণজিত দাশ বক্তব্য রাখেন।
পরিস্থিতি শান্ত করতে কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন, জেলা পুলিশ সুপার শ্যামল কুমার নাথ দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন এবং ঘটনাস্থল পরিদর্শনে যান।
এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার সদর থানার ওসি আসলাম হোসেন।

