ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার হয় ১৪ জন, ব্রিফিং ডিএমপির

প্রকাশিত: June 12, 2016 | সময়: 2:40 pm

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: রাজধানীর ওয়ারী ও গেন্ডারিয়ায় শনিবার (১১ জুন) রাতে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৪ জনকে নিয়ে সংবাদ সম্মেলন করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, ডাকাতির প্রস্তুতিকালেই এ ১৪ জন গ্রেফতার হয়। তাদের প্রত্যেকের বিরুদ্ধে মামলা রয়েছে। গেন্ডারিয়ায় গ্রেফতার ৭ ডাকাত একটি গণধর্ষণ মামলার আসামি। আর অন্যদের বিরুদ্ধেও অস্ত্র, ডাকাতি ও ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।

অভিযান চলাকালে গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মিজানুর রহমানসহ তিন জন গুলিবিদ্ধ হয়েছেন বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে।

রোববার (১২ জুন) দুপুরে  ডিএমপি মিডিয়া সেন্টারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বিস্তারিত তুলে ধরেন ডিএমপির ওয়ারী জোনের উপ-কমিশনার (ডিসি) সৈয়দ নুরুল ইসলাম।

তিনি বলেন, ওয়ারী ও গেন্ডারিয়া থানা পুলিশ ৭ জন করে এ ১৪ জনকে গ্রেফতার করেছে।

তিনি গ্রেফতার অভিযানের বিস্তারিত তুলে ধরে বলেন, পুলিশের কাছে গোপন খবর আসে, ওয়ারী থানার স্বামীবাগ ওয়ান্ডারল্যান্ড পার্কের গলির ফাঁকা জায়গায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে একদল দুর্বৃত্ত। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে অস্ত্রশস্ত্রসহ ৭ জনকে সেখান থেকে গ্রেফতার করে।

তার আগে একইভাবে গোপন খবর পেয়ে গেন্ডারিয়া পুলিশ নামপাড়া রেললাইন বস্তি সংলগ্ন বায়তুল হাসান জামে মসজিদ এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি চালায় ডাকাত দলের সদস্যরা। এসময় পুলিশও পাল্টা গুলি ছুড়ে। এতে গেন্ডারিয়া থানার ওসিসহ তিনজন গুলিবিদ্ধ হন। গ্রেফতার করা হয় ৭ ডাকাতকে।

গেন্ডারিয়ায় গ্রেফতার ডাকাতরা হলেন- মিলন ওরফে ভ্যান মিলন ওরফে সজীব (২৭), স্বপন (২৫), সজীব ওরফে রাজু ওরফে কাজল (২২), মাসুদ ওরফে কালা মাসুদ (২২), মিন্টু (২১), রনি (২৩) ও সাগর (২১)।

ওয়ারীতে গ্রেফতার ডাকাতরা হলেন- লিটন (২০), শুকুর আলী (২০), তারেক (২৪), হৃদয় হোসেন (১৮), ওমর ফারুক (২০) আলাউদ্দিন (১৮) ও কামাল হোসেন (১৯)।

ডিসি সৈয়দ নুরুল ইসলাম বলেন, পুলিশ সারাবছরই জঙ্গি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালায়। তবে যখন কোনো অপরাধ বেড়ে যায়, তখন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালায়।

অপরাধীরা গ্রেফতার হলে নতুন করে অপরাধীদের তালিকা করা হয় বলেও জানান ডিসি।