স্পোর্টস ডেস্ক ॥
ঢাকা: কোপা আমেরিকায় অঘটনের শিকার হয়েছে ব্রাজিল! ২৯ বছর পর আসরটির কোয়ার্টার ফাইনালে উঠতে ব্যর্থ হয়েছে তারা। গ্রুপপর্বের তৃতীয় ম্যাচে পেরুর কাছে ১-০ ব্যবধানে হেরে বিদায় নিশ্চিত হয় সেলেওকাওদের। কোপায় ব্যর্থতার জন্য ব্রাজিলের কোচ থেকে কার্লোস দুঙ্গাকে বরখাস্ত করেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন।
এরপর গুঞ্জন উঠেছিল, দুঙ্গার স্থলাভিষিক্ত হচ্ছেন আদেনর লিওনার্দো বাচ্চি তিতে। হ্যাঁ, নেইমারদের নতুন গুরু হিসেবে দায়িত্ব পেলেন ৫৫ বছর বয়সী কোচ! এমন খবরই দিয়েছে ব্রাজিলের দৈনিক ও গ্লোবো। তারা উদ্ধৃতি দিয়ে করিন্থিয়ান্সের সভাপতি রবার্তো দে আন্দ্রাদোর। যদিও ব্রাজিল ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে এখনো কোনো কিছু জানানো হয়নি।
করিন্থিয়ান্সের সভাপতি বলেন, ‘তিতে আর করিন্থিয়ানসের সঙ্গে কাজ করছেন না। ব্রাজিল ফুটবল ফেডারেশনের প্রস্তাব তিনি গ্রহণ করেছেন।’
২০১১ ও ২০১৫ সালে সাও পাওলোর বিখ্যাত ক্লাব করিন্থিয়ানসকে ব্রাজিলের শীর্ষ লিগ শিরোপা জিতিয়েছেন তিতে। ২০১২ সালে তার অধীনে ক্লাবটি প্রথমবারের মতো জিতেছে কোপা লিবের্তাদোরেস ও ওয়ার্ল্ড ক্লাব কাপ।

