বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: থাইল্যান্ডের একটি প্রভাবশালী বৌদ্ধমন্দিরের প্রধান ভিক্ষুকে গ্রেপ্তারে অভিযান শুরু করেছে সে দেশের পুলিশ। ওই পুরোহিতের বিরুদ্ধে মন্দিরের তহবিল তছরুপ ও অর্থ পাচারের অভিযোগ উঠার পর এই অভিযান শুরু হয়েছে।
পাহরা দাম্মাচাইয়ো (৭২) নামের ওই ভিক্ষু থাইল্যান্ডের উত্তরের ওট দাম্মাকাইয়া মন্দিরের প্রধান ভিক্ষু। তিনি মন্দিরের সকল প্রশাসনিক কাজকর্ম দেখভাল করে থাকেন। প্রায় ১ কোটি ৪০ লাখ ডলার আত্মসাৎয়ের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য তাকে কয়েক দফা তলব করেছিল পুলিশ। কিন্তু তাতে তিনি কোন সাড়া দেননি। ফলে তাকে আটক করতে বৃহস্পতিবার মন্দিরটিতে পুলিশি অভিযান শুরু হয়েছে।
তবে এই অভিযানের বিরোধিতা করছেন ওই পুরোহিতের ভক্তরা। অভিযান শুরুর সময় কয়েকশ ভক্ত মন্দিরের সামনে অবস্থান নেয়। ফলে পুলিশকে মন্দিরে প্রবেশ করতে বেগ পেতে হয়। যদিও এখন পর্যন্ত তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষের কোনো খবর পাওয়া যায়নি।
পাহরা দাম্মাচাইয়ো কয়েক মাস ধরেই মন্দিরটির ভেতরে অবস্থান করছেন। এমনকি গ্রেপ্তার হওয়ার ভয়ে শরীর খারাপ হওয়া সত্ত্বেও তিনি বের হননি। তবে তার ভক্তদের অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যেই তার বিরুদ্ধে দুর্নীতির এসব অভিযোগ তোলা হয়েছে।
থাইল্যান্ডের এই বৌদ্ধমন্দিরটি নিয়ে অনেকদিন ধরেই বিতর্ক রয়েছে। কর্তৃপক্ষের অভিযোগ, এটি বৌদ্ধ ধর্মের ঐতিহ্যের বিকৃতি ঘটাচ্ছে। এই মন্দিরের নিয়মকানুনও থাইল্যান্ডের অন্য বৌদ্ধ মন্দিরগুলোর চাইতে বেশ আলাদা। তারপরও দেশে ও বিদেশে মন্দিরটির বেশ জনপ্রিয়তা রয়েছে।

