প্রধানমন্ত্রীর সাথে জ্যোতির প্রথম সাক্ষাৎ

প্রকাশিত: June 17, 2016 | সময়: 2:55 pm

বিনোদন ডেস্ক ॥

ঢাকা: ময়মনসিংহ-৩ এর গৌরিপুর আসনের জন্য উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আওয়ামিলীগের মনোনয়ন পত্র সংগ্রহ করেছিলেন মডেল ও অভিনেত্রী জ্যোতি। খবরটা বড় চমক হিসেবেই নিয়েছিলেন সবাই। জ্যোতি কি সত্যিই এমপি হবেন? জ্যোতিরও ধারণা ছিলোনা এলাকার মানুষ তাকে এত ভালোবাসবেন। তাদের আগ্রহেই হুট সিদ্ধান্তে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি। কিন্তু বৃহস্পতিবার সন্ধ্যায় মনোনয়ন প্রার্থী বাইশ জনের মধ্যে দলীয় সভানেত্রী শেখ হাসিনা নাম ঘোষণা করেন নাজিমউদ্দিন আহমেদের।

মনোনয়ন পাননি এ নিয়ে জ্যোতির মোটেই আফসোস নেই। নতুন অভিজ্ঞতার বিষয়টিই বারবার বলছিলেন। প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রীর সাথে প্রথম সাক্ষাতের বিষয়টিও আলোড়িত করেছে জ্যোতিকে।

জ্যোতি বললেন, ‘প্রধানমন্ত্রীর কাছে নিজের পরিচয় দিয়েছি। এলাকার মানুষের জন্য আমার পরিকল্পনার কথা বলেছি। প্রধানমন্ত্রী মনোযোগ দিয়ে শুনেছেন। মনোনয়ন ঘোষনার পর বলেছেন সবার সঙ্গে মিলেমিশে কাজ করতে।’

গণভবনটা ঘুরে ঘুরে দেখছিলেন জ্যোতি। নিজের রাজনৈতিক যাত্রার কথা ভাবছিলেন। জ্যোতি বললেন, যাকে মনোনয়ন দেয়া হয়েছে তিনি এলাকার অনেক অভিজ্ঞ রাজনীতিবিদ। তাকে স্বাগত জানাই। একটা বিষয় খুব ভালো লেগেছে যে, সবাই আমাকেও স্বাগত জানিয়েছে। বলেছে, আপনি যোগ্য, আপনি আসুন।’

জ্যোতির রাজনৈতিক পরিচয় ফাঁস হয়ে গেলেও এখনই দলীয় রাজনীতিতে সক্রিয় হবেন কিনা সে সিদ্ধান্ত নেননি তিনি। অভিনয়েই ডুবছেন ফের। এবার ঈদে বেশকিছু খণ্ড নাটকে দেখা যাবে জ্যোতিকে। সম্প্রতি নেপাল থেকে ঈদ উপলক্ষ্যে বি ইউ শুভ নির্মিত সাতদিনের সিরিয়ালে অভিনয় করে ফিরলেন। আগামী সপ্তায় দুটি ঈদ নাটকের শুটিংয়ে যাচ্ছেন কক্সবাজার। ফিরেই নুরুল আলম আতিকের নতুন চলচ্চিত্র ‘লাল মোরগের ঝুঁটি’তে অভিনয় করবেন তিনি।