স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর : গাজীপুরে আইনজীবী হত্যায় তিন ছেলে ও তাদের মাসহ ৫ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে এলাহী ভূঞা এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলো-পটুয়াখালি জেলার মধ্য মদনপুরার আব্দুর রউফের স্ত্রী আমেনা বেগম, তার তিন ছেলে তিথি, বাপ্পী ও সজল এবং গাজীপুরের কাপাসিয়ার ফুলবাড়িয়ার কফিল উদ্দিন মাস্টারের ছেলে বাদল। তাদের মধ্যে রায় ঘোষণার সময় তিথি ও বাপ্পী আদালতে উপস্থিত ছিল।
মামলার বিবরণে জানা গেছে, ২০০৮ সালের ৯ মার্চ সন্ধ্যায় পূর্ব শত্রুতার জের ধরে বাড়ি থেকে ডেকে নিয়ে আসামিরা গাজীপুরের রথখোলা এলাকার সোহরাব উদ্দিন ভাণ্ডারির ছেলে ফিরোজ্জামান সোহেলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। নিহত শিানবীশ এ আইনজীবী ভাষা শহীদ আব্দুল জব্বারের নাতি।
এ ব্যাপারে সোহেলের বাবা বাদী হয়ে জয়দবেপুর থানায় ৮ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে ৫ জনের নামে ওই বছরের ১০ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ ৮ বছর শুনানি ও উভয়পরে যুক্তিতর্ক শেষে বৃহস্পতিবার দুপুরে ৫ জনের ফাঁসির আদেশ এবং প্রত্যেকের ১০ হাজার টাকা করে জরিমানার দণ্ড দেন আদালত।
রায়ে বাদীপ সন্তোষ প্রকাশ করেন। রাষ্ট্রপে মামলা পরিচালনা করেন গাজীপুর আদালতের পিপি হারিছ উদ্দিন আহমেদ।

