গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

প্রকাশিত: October 10, 2016 | সময়: 10:25 am

স্টাফ রিপোর্টার ॥

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকায় গ্রিনল্যান্ড গার্মেন্টসে বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ করেছেন শ্রমিকরা।

রোববার (৯ অক্টোবর) বিকেল থেকে শ্রমিকরা কর্মবিরতি ও বিক্ষোভ মিছিল করেন।

শ্রমিক ও স্থানীয়রা জানায়, সেপ্টেম্বর মাসের বেতন চলতি মাসের ৫-৬ তারিখে দেওয়া কথা থাকলেও তা পরিশোধ করেনি কারখানার মালিক।

কারখানা কর্তৃপক্ষ তিন-চারদিন ধরে বেতন পরিশোধের তারিখ দিয়ে আসছে। রোববার বেতন পরিশোধের কথা থাকলেও বিকেল পর্যন্ত বেতন পরিশোধ করেনি কারখানার কর্তৃপক্ষ। এর ফলে বিকেল থেকে কারখানার ভেতরের শ্রমিকরা কর্মবিরতি পালন করেন। একপর্যায়ে কারখানার গেটের সামনে বিক্ষোভ মিছিল শুরু করেন তারা।

কারখানার সুইং অপারেটর শেফালী আক্তার ও শিল্পী আক্তার জানান, সময় বেতন না দেওয়ার কারণে বাসা ভাড়া ও দোকানের বাকি পরিশোধ করতে পারছি না। তিন-চার মাস ধরে আন্দোলন ছাড়া বেতন পাই না।

কোনাবাড়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) রফিকুল ইসলাম জানান, বিকেল থেকে শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কর্মবিরতি ও বিক্ষোভ মিছিল করেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বেতন পরিশোধের আশ্বাস দিলে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তারা কারখানা ছেড়ে করে বাসায় চলে যায়।