ভবিষ্যতে পাকিস্তানি প্রতিভাকে নিয়ে কাজ করবেন না কারন জোহর

প্রকাশিত: October 19, 2016 | সময়: 10:42 am

বিনোদন ডেস্ক ॥
ভবিষ্যতে পাকিস্তানের ‘কোনও প্রতিভাবান শিল্পীকে’ নিয়ে আর কাজ করবেন না বলে জানিয়েছেন ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ নিয়ে বিপাকে পড়া ভারতের পরিচালক কারন জোহর। সিনেমাটি ২৮ অক্টোবর রিলিজ হওয়ার কথা রয়েছে।

যেহেতু সিনেমাটিতে পাকিস্তানের অভিনেতা ফওয়াদ খান আছেন, তাই উরির জঙ্গি হামলার জেরে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ মুক্তি পেতে দেবে না বলে হুমকি দিয়ে রেখেছে রাজ ঠাকরের মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস) ও আরও কিছু রাজনৈতিক দল।

মহারাষ্ট্র, গুজরাট, কর্নাটক, গোয়ায় কারন জোহরের সিনেমাটি না দেখানোর সিদ্ধান্ত নিয়েছে সিনেমা ওনার্স এক্সিবিশন অ্যাসোসিয়েশনও। এই সংগঠনের প্রায় সাড়ে ৪৫০ মালিক সিনেমাটিতে পাকিস্তানের শিল্পীরা থাকায় প্রদর্শন করবে না বলে জানিয়েছেন। এমন বিরোধিতার মুখে করুন জোহর এক সংক্ষিপ্ত ভিডিও বিবৃতিতে জানিয়েছেন, তাঁর কাছে দেশই আগে। তিনি দেশবাসীর আবেগ, অনুভূতি উপলব্ধি করতে পারছেন, তবে সিনেমার রিলিজ আটকে গেলে সেটির সঙ্গে যুক্ত কলাকুশলিরা ক্ষতিগ্রস্ত হবেন।

চলচ্চিত্রটির মুক্তি আটকে না দেওয়ার আবেদন জানিয়ে কারন জোহর বলেছেন, দেশবাসীর অনুভূতি আমি বুঝি, কেন না আমার উপলব্ধিও তাই। বর্তমান পরিস্থিতিতে ভবিষ্যতে অবশ্যই প্রতিবেশি দেশের কোনও প্রতিভাকে নেব না। তবে একই তাগিদ থেকে আপনাদের এটাও বলতে চাই, আমার টিমে ৩’শ র বেশি ভারতীয় কর্মী তাঁদের ঘাম-রক্ত ঝরিয়ে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এ কাজ করেছেন, আমার মনে হয় না, দেশবাসীদের কারও কারও জন্য তাঁদের কোনও ধরনের প্রতিকূলতার সম্মুখীন হওয়াটা ঠিক হবে।

ওই সিনেমানে রণবীর কাপূর, আনুষ্কা শর্মা, ঐশ্বর্য রায় বচ্চনও আছেন।

জোহর জানিয়েছেন, তাঁর দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। এতে তিনি  প্রচন্ড আঘাত ও কষ্ট’ পেয়েছেন। সে জন্যই তিনি নীরব থেকেছেন। তবে খুব কম লোকই এটা বিশ্বাস করেন যে, তিনি দেশবিরোধী। জোহর বলেছেন, এটা আমার বলা প্রয়োজন এবং দৃঢ়তার সঙ্গে আমি বলব যে, দেশ আমার কাছে সবার আগে।

দেশ ছাড়া আর কিছুই আমার কাছে দামী নয়। আমি সবসময় এটাই ভেবেছি যে, ভালবাসার বার্তা ছড়িয়েই সবচেয়ে ভালভাবে দেশপ্রেমের প্রমাণ দেওয়া যায়। বরাবর আমার সিনেমার মাধ্যমে সেটা করার চেষ্টাই করেছি।