আজ সারাদেশে বিএনপির বিক্ষোভ-সমাবেশ

প্রকাশিত: November 14, 2016 | সময়: 11:04 am

স্টাফ রিপোর্টার ॥

‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে গতকাল ১৩ নভেম্বর রাজধানীর সোওরাওয়ার্দি উদ্যানে সমাবেশ করতে অনুমতি না দেওয়ার প্রতিবাদে আজ সোমবার ঢাকা মহানগরীর প্রতিটি থানায় এবং সারাদেশের জেলা সদরগুলোতে বিক্ষোভ-মিছিল ও সমাবেশ করবে বিএনপি।

এর আগে গতকাল রোববার এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসুচি ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘জাতীয় বিপ্লব ও সংহতি’ দিবস উপলক্ষে গত ২০ অক্টোবর এক যৌথসভায় সিদ্ধান্ত নেওয়া হয় ৮ নভেম্বর সোওরাওয়ার্দি উদ্যানে সমাবেশ করার। এরপর আমরা আনুমতির জন্য আবেদন করেছিলাম। কিন্তু পুলিশ আমাদেরকে অনুমতি দেয়নি।

‘সেখানে অনুমতি না পেয়ে ৭ অথবা ৮ নভেম্বর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সমাবেশ করার অনুমতি চেয়ে চিঠি দেয়া হয়েছিল। কিন্তু তখনো টালবাহানা করে পুলিশ। ৮ নভেম্বর বেলা ২ টা থেকে ৪ টা পর্যন্ত ২৭ টি শর্তে অনুমতি দেওয়া হয় বলে তারা ২টায় জানায়। যা ছিল নোংরা রশিকতা, বলেন তিনি।

তিনি বলেন, এরপর কবে কী আছে খোজ খবর নিয়ে আমরা ১৩ নভেম্বর জনসভা করার ঘোষণা দিই। অনুমতির জন্য চিঠিও দেওয়া হয়। একাধিকার ডিএমপি কমিশনারের কাছে বিএনপির প্রতিনিধি দল যায় জানিয়ে তিনি বলেন, কিন্তু কোনো দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আমাদের সঙ্গে দেখা করেনি।

এসময় সমাবেশ করার অনুমতি না দেওয়ায় নিন্দা জানিয়ে তিনি বলেন, একটি নিবন্ধিত রাজনৈতিক দল জনসভা করার অনুমতি পায়নি এরদ্বারা বুঝতে হবে দেশ কোন পর্যায়ে আছে।