স্টাফ রিপোর্টার ॥
শুল্ক গোয়েন্দা বুধবার শাহজালালে অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ ১,৭৭,৪০০ শলাকা বিদেশি সিগারেট আটক করেছে। এসব সিগারেট ৮৮৭ কার্টনে পাওয়া যায়।
এই সিগারেট পরিত্যক্ত অবস্থায় ৫নং ব্যাগেজ বেল্টের পাশে ট্রলির উপর পাওয়া যায়।
গোপন সংবাদ থাকায় শুল্ক গোয়েন্দারা ব্যাগেজ বেল্ট নং ৫ থেকে ৮ নং বেল্টের উপর সতর্ক দৃষ্টি রাখে। শুল্ক গোয়েন্দার সতর্ক উপস্থিতি টের পেয়ে যাত্রীগণ তাদের মালামাল ট্রলিতে উঠানোর পরেও তা ফেলে চলে যায়। পরবর্তিতে, রাত আনুমানিক ১ টায় ট্যাগহীন পরিত্যক্ত ১২ টি ব্যাগেজ কাস্টমস হলে নিয়ে আসা হয় এবং আমদানি নিষিদ্ধ ১,৭৭,৪০০ শলাকা সিগারেট আটক করা হয়।
আমদানি নীতি আদেশ অনুযায়ী সিগারেট প্যাকেটের গায়ে বাংলায় ধূমপানবিরোধী সতর্কীকরণ লেখা ব্যতিত বিদেশি সিগারেট আমদানি করা যায়না। সিগারেটের উপর উচ্চ শুল্ক (প্রায় ৪৫০%) পরিহারের জন্যই এসব সিগারেট আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
আটককৃত সিগারেট ইউকের বেনসন এন্ড হেজেজ, কোরিয়ার ইজি ও আমেরিকার ৩০৩ ব্র্যান্ডের। পণ্যের শুল্ক করসহ আটক পণ্যের মূল্য প্রায় ৫০ লক্ষ টাকা। আটক পণ্যের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেয়া হয়েছে।

