শান্তিপূর্ণভাবে ভোট চলছে নারায়ণগঞ্জে

প্রকাশিত: December 22, 2016 | সময়: 10:32 am

নারায়ণগঞ্জ প্রতিনিধি ॥
শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে বহুল প্রতীক্ষিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুরু হওয়া এ ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত। এর মধ্য দিয়েই নগরীর পৌনে পাঁচ লাখ ভোটার তাদের রায় ঘোষণা করবেন।

স্থানীয় সরকারের এ নির্বাচনটি দেশের প্রধান দুই রাজনৈতিক জোটের মর্যাদার লড়াইয়ে পরিণত হয়েছে। এর মধ্য দিয়েই প্রথমবারের মতো দলীয় প্রতীকে নির্বাচিত হতে যাচ্ছেন কোনও সিটি মেয়র।

মেয়র পদে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী জনরায় পেলে টানা তৃতীয়বারের মতো নারায়ণগঞ্জের মেয়র হিসেবে বিজয়ী হবেন। অন্যদিকে, ধানের শীষ প্রতীকে বিএনপি মনোনীত প্রার্থী মো. সাখাওয়াত হোসেন খান প্রথমবারের মতো জয়ী হলে আইনজীবী নেতা থেকে রাজনৈতিক নেতায় উত্তরণ ঘটবে তার।

নানা কারণেই আওয়ামী লীগ ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ রাজনৈতিক মহল, এমনকি সাধারণ মানুষেরও দৃষ্টি থাকবে আজ নারায়ণগঞ্জের দিকে। বিশ্লেষকদের মতে, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের পুনর্গঠন নিয়ে রাষ্ট্রপতির চলমান সংলাপের ওপরও প্রভাব ফেলতে পারে এই ভোটের ফল। একই সঙ্গে এই ভোটের ফল নারায়ণগঞ্জের স্থানীয় আওয়ামী লীগ-বিএনপির রাজনীতিতে নয়া মেরুকরণের জন্ম দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ইসি কর্মকর্তারা জানান, ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতি কেন্দ্রে অস্ত্রসহ সাত পুলিশ, অস্ত্রসহ তিনজন ব্যাটালিয়ন আনসার, অঙ্গীভূত আনসার-ভিডিপির ১৪ সদস্যসহ মোট ২৪ জনকে রাখা হয়েছে। এ ছাড়া ২৭টি ওয়ার্ডের প্রতিটিতে ৫ ডিসেম্বর থেকে মাঠে রয়েছেন একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট। ভোটের দিনে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে আরও ৯ জন ম্যাজিস্ট্রেট যোগ দিয়েছেন।

নির্বাচন পর্যবেক্ষণে ১৬টি সংস্থার ৩২০ জনকে অনুমোদন দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের পরিচালক (জনসংযোগ) এসএম আসাদুজ্জামান জানিয়েছেন, এই পর্যবেক্ষকদের মধ্যে ৩১৮ জন দেশি, দু’জন বিদেশি। ৯টি সংস্থার ১৮৫ জন স্থানীয়ভাবে পর্যবেক্ষণ করছেন। কেন্দ্রীয়ভাবে থাকছেন ছয়টি সংস্থার ১৩৩ জন। এশিয়া ফাউন্ডেশনের দুই বিদেশি পর্যবেক্ষকও ভোট পর্যবেক্ষণে থাকছেন।