বাংলাভূমি২৪ ডেস্ক ॥
তারহীন প্রযুক্তি ব্লুটুথ। স্বল্প দূরত্বে এক ডিভাইস থেকে অরেক ডিভাইসে ডাটা ট্রান্সফারের জনপ্রিয় মাধ্যম। স্মার্টফোন ও স্মার্টওয়াচ থেকে শুরু করে তারহীন স্পিকার সেটসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে ব্লুটুথ। ২০১৪ সালে ব্লুটুথের সর্বশেষ সংস্করণ ব্লুটুথ ৪ দশমিক ২ বাজারে ছাড়া হয়। সামনেই ব্লুটুথের আরেকটি সংস্করণ ব্লুটুথ ৫ বাজারে ছাড়া হবে। নতুন সংস্করণে গতি বাড়বে প্রায় দ্বিগুণ আর ব্লুটুথের রেঞ্জ ক্ষমতা বাড়ানো হবে আগের তুলনায় চারগুণ।
এ ছাড়া যোগ করা হচ্ছে লো-এনার্জি মোড। নতুন সংস্করণের ফ্রিকোয়েন্সি থাকবে আগের মতোই ২ দশমিক ৪ গিগাহার্জের। ব্লুটুথ প্রযুক্তির এ সংস্করণ বা মান ঠিক করে থাকে স্পেশাল ইন্টারেস্ট গ্রুপ (এসআইজি)। অ্যাপল, মাইক্রোসফট, স্যামসাংসহ বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠান এ গ্রুপের সদস্য। ৩০ হাজারেরও বেশি সদস্য রয়েছে এ গ্রুপে। এসআইজির পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষামূলকভাবে ব্যবহারের পর ছয় মাসের মধ্যে ডিভাইসগুলোতে ব্লুটুথ ৫ সংস্করণ ব্যবহার করা যাবে। সে হিসেবে ধারণা করা যায়, আগামী বছরের মাঝামাঝি নাগাদ বিভিন্ন ডিভাইসে ব্লুটুথ ৫ সংস্করণ ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা। সূত্র : টেকক্রাঞ্চ

