বাংলাভূমি২৪ ডেস্ক ॥
সংকটময় সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে না পারায় জনপ্রিয়তা থাকার পরও বিএনপি তা কাজে লাগাতে পারছে না বলে মন্তব্য করেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদ। তাই আমাদের জনগণের দিকে তাকিয়েই রাজনীতি করা উচিৎ। যদিও একটু সময় লাগবে, তারপরেও আমরা জনগণের ম্যানডেট নিয়েই রাষ্ট্রীয় দায়িত্বে যেতে চাই, কারো দয়ায় নয়।’
দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আমরা নিজেরাই সন্তুষ্ট না। কারণ সাংগঠনিক কাজ যে প্রক্রিয়ায় হওয়া উচিৎ আমরা সেভাবে করতে পারি না। আমরা একটা থানাতেও সমাবেশ করতে পারি না, এমনকি একটা হল রুমেও অনুমতি পাই না। তাই সরকার যেমন ক্ষমতা দীর্ঘায়িত করতে বাইরের শক্তির ওপর নির্ভর করছেন তেমনি আমাদের তাকিয়ে থাকতে হচ্ছে তাদের দয়ার দিকে।
এদিকে ৫ই জানুয়ারির নির্বাচনের পর ৩ বছর কেটে গেলেও সাংগঠনিকভাবে গুছিয়ে উঠতে পারে নি বিএনপি। দলের শীর্ষ নেতারা মনে করেন, কিছু রাজনৈতিক ভুলের কারণে পিছিয়ে গেছে দল, ক্ষতিগ্রস্ত হয়েছে জাতীয়তাবাদী রাজনীতি। এ অবস্থা থেকে উত্তরণে দলটির শীর্ষ নেতাদের কেউ কেউ বিদেশি শক্তির দিকে তাকিয়ে থাকলেও, অনেকেরই রয়েছে ভিন্ন ভাবনা। কারো মুখাপেক্ষী না হয়ে জনগণের শক্তিকে কাজে লাগানোর পক্ষে রয়েছেন তারা।
২০১৪ সালের ৫ই জানুয়ারির নির্বাচন ঠেকাতে বিএনপি ‘মার্চ ফর ডেমোক্রেসি’ আন্দোলনের ডাক দিলেও নানামুখী চাপে তা ব্যর্থ হয়। নির্বাচনের দিনটিকে গণতন্ত্র হত্যা দিবস আখ্যায়িত করে পরের বছর একই দিনে কর্মসূচি দেয় দলটি। ওইদিন গুলশান কার্যালয়ে কার্যত অবরুদ্ধ হয়ে লাগাতার অবরোধ কর্মসূচি ঘোষণা করেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। টানা তিন মাসের ওই কর্মসূচিও ব্যর্থ হলে দল গোছানোর উদ্যোগ নেন তিনি।
গত বছরের ১৯শে মার্চ দলের ৬ষ্ঠ কাউন্সিল অনুষ্ঠানের পর কয়েক ধাপে ৫০২ সদস্যের বিশাল কমিটি ঘোষণা করা হয়। কেন্দ্রীয় কমিটি নিয়ে অসন্তোষের মাঝেই চলছে জেলা ও মহানগর কমিটি গঠনের কাজ। আন্দোলন বলতে ঘরোয়া কিছু সভা-সমাবেশ আর সংবাদ সম্মেলনেই আপাতত আবদ্ধ রয়েছে দলটির কার্যক্রম।
এমন পরি্িস্থতিতে আন্দোলনে সাধারণ মানুষের সম্পৃক্ততা বাড়াতে রামপাল, টিপাইমুখ, ফারাক্কা ও তিস্তাসহ দেশের স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে শক্ত অবস্থান নেয়ার পরিকল্পনার কথাও জানালেন বিএনপি নেতারা।

