আরও অবনমন ফেদেরারের!

প্রকাশিত: August 21, 2013 | সময়: 3:04 pm

স্পোর্টস ডেস্ক ॥ এক দশকের মধ্যে সর্বনিম্ন র‌্যাঙ্কিংয়ে পতনের বাজে রেকর্ডের পর র‌্যাঙ্কিংয়ে আরও অবনমন হয়েছে সুইজারল্যান্ডের টেনিস তারকা রজার ফেদেরারের। ২৬শে আগস্ট থেকে শুরু হতে যাওয়া গ্রান্ড স্লামের আসর ইউএস ওপেনে তিনি সাত নম্বর খেলোয়াড় হিসেবে কোর্টে নামবেন। এ বছর উইম্বলডনের পরই এক দশকের র‌্যাঙ্কিংয়ে সবচেয়ে পতন ঘটেছিল রজার ফেদেরারের। পাঁচে নেমে গিয়েছিলেন তিনি। এবার সিনসিনাটি মাস্টার্সের সেমিফাইনালে রাফায়েল নাদালের কাছে হেরে আরও অবনতি হয়েছে তার। সোমবারের এটিপি র‌্যাঙ্কিংয়ে আরও দুই ধাপ পতন হলো সুইস তারকার। সর্বশেষ ২০০২ সালে শীর্ষ তিনের বাইরে থেকে ১৭টি গ্রান্ড স্লামের ৫টি জয়ের মঞ্চ ইউএস ওপেনের কোর্টে নেমেছিলেন তিনি। সেবার ১৩তম বাছাই ছিলেন তিনি। চতুর্থ বাছাই হয়ে বা এর নিচে থেকে সর্বশেষ গ্র্যান্ড স্ল্যাম খেলেছিলেন ২০০৩ সালে। উইম্বলডন দিয়ে সেবারই জিতেছিলেন অভিষেক গ্র্যান্ড স্ল্যাম। পরে র‌্যাঙ্কিংয়ে একক আধিপত্য ধরে রেখেছিলেন ফেদেরার। ২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত টানা ১৮ গ্র্যান্ড স্ল্যামে শীর্ষে ছিলেন এই সুইস তারকা। এটি যে কোন টেনিস তারকার জন্য সবচেয়ে বেশি সময় শীর্ষস্থান ধরে রাখার রেকর্ড। নতুন প্রকাশিত র‌্যাঙ্কিংয়ের শীর্ষ তিনে একটি পরিবর্তন এসেছে। মন্ট্রিয়ল ও সিনসিনাতি শিরোপা জিতে অ্যান্ডি মারেকে তিনে নামিয়ে দুইয়ে উঠেছেন রাফায়েল নাদাল। এক নম্বর স্থানটি ধরে রেখেছেন সেই নোভাক জোকোভিচই।