আমরণ অনশনে কয়েক হাজার নকল-নবিশ

প্রকাশিত: January 7, 2017 | সময়: 12:39 pm

স্টাফ রিপোর্টার ॥

চাকরি স্থায়িত্বকরণের দাবিতে রাজধানীর প্রেস ক্লাবের সামনে আমরণ অনশন ও অবস্থান ধর্মঘট শুরু করেছে আইন মন্ত্রণালয়ের অধীনে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ পাওয়া কয়েক হাজার নকল-নবিশ।

আজ শনিবার সকাল থেকে ব্যানার, ফেস্টুন ও কপালে ফিতা বেঁধে প্রেসক্লাবের সামনে জড়ো হতে থাকে নকল-নবিশরা। এরপর তারা তাদের দাবি আদায়ের জন্য স্লোগানে স্লোগানে মুখরিত করছে। বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকল-নবিশ) অ্যাসোসিয়েশনের ডাকে আমরণ অনশন পালনে সারাদেশ থেকে কয়েক হাজার নকল-নবিশ এখন প্রেসক্লাবের সামনে অবস্থান করছে।

আমরণ অনশন কর্মসূচিতে যোগ দেওয়া নকল-বশিবদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় দেড় বছর ধরে তারা কোন বেতন-ভাতা পান না। বকেয়া বেতন পরিশোধের জন্য আইন, বিচার ও সংসদ মন্ত্রণালয়ে নিবন্ধন অধিদপ্তর বিভিন্ন সময় প্রতিশ্রুতি দিয়ে আসলেও এখন পর্যন্ত তা কার্যকর হয়নি। বেতন-ভাতা ছাড়া সারাদেশে কমপক্ষে ১০ হাজার নকল-নবিশ অত্যন্ত অসহায় অবস্থায় দিনাতিপাত করছে। দেয়ালে পিঠ ঠেকে যাওয়ায় তারা এই কর্মসূচিতে অংশ নিয়েছে।

আইন, বিচার ও সংসদ মন্ত্রণালয়ের তথ্য উপাত্ত বলছে, গত বছরের মে মাসে নকলনবিশদের চাকরি স্থায়ীকরণে এবং তাদেরকে জাতীয় বেতন স্কেলের অন্তর্ভূক্ত করার জন্য বিষয়টি গুরুত্বে সঙ্গে দেখতে এবং যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রী কার্যালয় থেকে দেয় হয়। কিন্তু সেটা এখনও বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে নকল-নবিশদের মাঝে।

আজকে এই আমরণ অনশন সেই ক্ষোভ থেকে এসেছে বলে দাবি করছেন সংগঠনের সভাপতি জয়নাল আবেদীন। তিনি বলেন, “দফায় দফায় আইন ও অর্থ মন্ত্রণালয়ের মধ্যে এ নিয়ে বৈঠক হয়েছে কিন্তু কোন ফল হয়নি। বাধ্য হয়ে আমরা কাফনের কাপড় পরিধান করে আমরণ অনশন করছি।”