লক্ষীপুর প্রতিনিধি ॥
লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের আন্দার মানিক গ্রামের সফিউল্যাহ সাবু (৫৫) নামে সাবেক এক ইউপি সদস্যকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে ডাকাতরা।
শনিবার দিবাগত রাত ২ টার দিকে সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের আন্দার মানিক গ্রামে এ ঘটনা ঘটে। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ। নিহত সাবু তেওয়ারীগঞ্জ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও মৃত আব্দুল মন্নানের ছেলে।
নিহতের ছেলে আলাউদ্দিন জানান, মধ্যরাতে ঘরের দরজা ভেঙ্গে একদল ডাকাত তাদের ঘরে হানা দেয়। ডাকাতরা স্বর্ণালংকার লুট করার সময় বাধা দিতে গেলে তার বাবাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে চলে যায় বলে জানান তিনি।
স্থানীয় ইউপি চেয়ারম্যান ওমর ফারুক ভুলু জানান, রাত ২ টার দিকে সাবেক ইউপি সদস্য সফিউল্লার বাড়ীতে ডাকাতি সংগঠিত হয়। এসময় ডাকাতরা সাবুকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে। এ ব্যাপারে লক্ষীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন ও জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তাদের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

