বগুড়ায় পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ দুজন নিহত

প্রকাশিত: February 8, 2017 | সময়: 10:01 am

বাংলাভূমি২৪ ড্সেক ॥
বগুড়ার কাহালু উপজেলার পাঁচপীর এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুজন নিহত হয়েছেন। পুলিশের দাবি, তারা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। এ সময় দুই ডাকাত সদস্যকে আটকসহ একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।

নিহতরা হলেন, দুঁপচাচিয়া উপজেলার ইব্রাহীম (৪৮) এবং নন্দীগ্রাম উপজেলার দুলাল (৪৫)।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-ই-আলম জানান, তাদের কাছে খবর ছিল পাঁচপীর বাজারের পাশে ডাকাত দল অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার রাত ১টার দিকে সেখানে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পুলিশকে লক্ষ করে গুলি ছুঁড়ে। পরে পুলিশও পাল্টা গুলি ছুঁড়ে। এরপর ঘটনাস্থল থেকে ইব্রাহীম ও দুলালকে গুলিবিদ্ধ অবস্থায়সহ চারজনকে আটক করা হয়।

এ সময় একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও দেশী অস্ত্র উদ্ধার করে পুলিশ। পরে আহত দুইজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত তিনটার দিকে তাদের মৃত্যু হয়। লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তবে আটক দুজনের পরিচয় এখনো জানা যায়নি।