মেট্রোরেল প্রকল্প বাস্তবায়নে ক্ষতিপূরণ পাচ্ছে ক্ষতিগ্রস্থরা

প্রকাশিত: February 11, 2017 | সময়: 11:31 am

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
মেট্রোরেল প্রকল্প বাস্তবায়নে বাণিজ্যিক ও আবাসিক ভবন সংশ্লিষ্ট ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণ দেয়া হবে। এই তালিকায় ক্ষুদ্র ও ভাসমান ব্যবসায়ীরাও রয়েছেন।

ঢাকায় মেট্রোরেলের প্রথম পর্যায়ের কাজের অংশ হিসেবে উত্তরার দিয়াবাড়িতে চলছে ডিপো নির্মাণ। পরিকল্পনা অনুযায়ী ২০১৮ সালে তা পুরোপুরি বাস্তবায়ন হবে এবং মেট্রোরেল সেবা চালু হবে। যা দিয়াবাড়ি থেকে মিরপুরের শেওরাপাড়া পর্যন্ত চলবে।

দিয়াবাড়িতে স্যান্ড অ্যান্ড ডায়নামিক কমপ্লিকশন পাইলিং পদ্ধতিতে মেট্রোরেল ডিপোর নির্মাণ চলছে। গেল বছরের জুনে শুরু হওয়া পাইলিংয়ের কারণে ডিপোর জন্য নির্ধারিত জায়গার বাইরে আঠারো মিটার পর্যন্ত এলাকায় ভূকম্পন হচ্ছে। ফলে ঝুঁকিতে পড়েছে ৬০টি আবাসিক ও বাণিজ্যিক ভবন।

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বাণিজ্য শাখার তিন তলা এই ভবনও রয়েছে ঝুঁকিপূর্ণ এলাকার মধ্যে। এ কারণে ক্লাস বন্ধ রেখে ভবনটি ভাঙ্গ হচ্ছে।

অস্থায়ী ভিত্তিতে শিক্ষা কার্যক্রম অন্য ভবনে সরিয়ে নিয়েছে কলেজ কর্তৃপক্ষ। আর এই ক্ষতি পূরণে প্রতিষ্ঠানটিকে চার কোটি ৭৩ লাখ টাকা দিয়েছে মেট্রো রেল প্রকল্পে মূল অর্থায়নকারী জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকা।
প্রকল্প কর্তৃপক্ষ  ঝুঁকিপূর্ণ এলাকাকে তিনটি ভাগে ভাগ করেছে। এরমধ্যে ডিপো এবং ডিপো থেকে ১৮ মিটার পর্যন্ত এলাকা ভূকম্পন ঝুঁকিপূর্ণ এবং এর বাইরে ৭৮ মিটার পর্যন্ত রয়েছে পর্যবেক্ষণ এলাকা। পর্যবেক্ষণ এলাকার ভবন আপাতত ভাঙা না হলেও কাজ চলার প্রায় তিন মাস সেখানে কেউ থাকতে পারবেন না। আর ক্ষতিপূরণ দেয়া হচ্ছে।

ডিপো নির্মাণের পাশাপাশি শিগগিরই শুরু হচ্ছে শেওরাপাড়া পর্যন্ত মেট্রোরেলের কাজ। এই রুটে কাজ চলার সময়ে ক্ষতির মুখে পড়বে এমন আবাসিক ও ব্যবসা প্রতিষ্ঠান চিহ্নিত করা হয়েছে। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন বাসাবাড়ি, এলাকার ভাসমান ক্ষুদ্র ব্যবসায়ী, এমনকি দোকানের কর্মচারীও পাবেন ছয়মাসের উপার্জনের সমপরিমাণ ক্ষতিপূরণ। সূত্র: ইনডিপেন্ডেন্ট টিভি