ভাইস চেয়ারম্যানদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ খালেদার

প্রকাশিত: February 12, 2017 | সময়: 9:43 am

স্টাফ রিপোর্টার ॥
আসছে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিতে দলের ভাইস চেয়ারম্যানদের নিজ নিজ নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালোদা জিয়া। শনিবার রাতে গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে তিনি এ নির্দেশ দেন। রাত সাড়ে ৯টা থেকে শুরু হওয়া  এ বৈঠক চলে সাড়ে ১১টা পর্যন্ত।

বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, বিএনপির করণীয়, নির্বাচন কমিশন গঠন, দলকে শক্তিশালী করতে কোন কোন বিষয়ে জোর দিতে হবে, দলের অভ্যন্তরীণ কোন্দল নিরসনসহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলেও জানা যায়।

এছাড়া বৈঠকে আলোচনা করা হয় দেশের বর্তমান অবস্থা, দলীয় নেতা-কর্মীদের উপর অত্যাচার, জেল এবং নির্বাচন কেমন হবে এসব বিষয় নিয়েই আলোচনা হয়েছে।

বৈঠকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সভাপতিত্বে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ভাইস চেয়ারম্যান অধ্যাপক এম এ মান্নান, আব্দুল আওয়াল মিন্টু, খন্দকার মাহবুবুর রহমান, আবদুল মান্নান, ইকবাল হাসান মাহমুদ টুকু, ব্যারিস্টার শাজাহান ওমর, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, আলতাফ হোসেন চৌধুরী, সেলিমা রহমান, মোহাম্মদ শাজাহান, রুহুল আলম চৌধুরী, মাহমুদুল হাসান, ইনাম আহমেদ চৌধুরী, ডা. এ জেড এম জাহিদ হোসেন, শামসুজ্জামান দুদু, আহমেদ আজম খান, জয়নুল আবেদীন, গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ও শওকত মাহমুদ উপস্থিত ছিলেন।