ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া

প্রকাশিত: February 12, 2017 | সময়: 10:16 am

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
উত্তর কোরিয়া আবারো ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। এ খবর নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়ার সরকারি বার্তা সংস্থা। তবে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, কোন ধরণের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয়েছে তা এখনো জানা যায় নি। তবে প্রাথমিক ভাবে পাওয়া খবর অনুযায়ী ধারণা করা হচ্ছে এটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র।

স্থানীয় সময় শনিবার জাপান সাগরের পূর্ব দিক বরাবর ৭টা ৫৫মিনিটে এ ক্ষেপণাস্ত্র পরীক্ষাটি চালানো হয়।

পিয়ংইয়ং গত বছরগুলোতে বেশ কয়েকটি পরমাণু পরীক্ষা চালিয়েছে। এবারের পরীক্ষা এমন সময় হলো যখন যুক্তরাষ্ট্র সফররত জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক করেছেন। যা ডোনাল্ড ট্রাম্পের দায়িত্ব গ্রহণের পর উত্তর কোরিয়ার প্রথম ক্ষেপণাস্ত্র পরীক্ষা।

জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবে ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ বৈঠকে, উত্তর কোরিয়ার পরমাণু হুমকিই তাদের কাছে অগ্রাধিকার পাবে বলে উল্লেখ করেছেন।

উত্তর কোরিয়ার বারবার ক্ষেপণাস্ত্র ও পরমাণু পরীক্ষা এবং আক্রমণাত্মক বিবৃতি ওই অঞ্চল জুড়ে উত্তেজনা তৈরি করেছে।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাট্টিস গত সপ্তাহেই দক্ষিণ কোরিয়া সফরে গিয়ে বলেছিলেন, উত্তর কোরিয়া পরমাণু অস্ত্র ব্যবহার করলে তার সমুচিত জবাব দেয়া হবে। সূত্র: বিবিসি বাংলা