১৭ বিশিষ্ট নাগরিককে একুশে পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: February 20, 2017 | সময়: 12:37 pm

স্টাফ রিপোর্টার ॥
বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে দেশের ১৭ জন বিশিষ্ট নাগরিককে ২০১৭ সালের একুশে পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সোমবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে পদকপ্রাপ্তদের হাতে এই পদক তুলে দিলেন।

এ সময় তিনি বলেন, যেসব গুণী ব্যক্তিত্ব এখনো আড়ালে আছেন, তাদেরকে খুঁজে বের করে রাষ্ট্রীয়ভাবে সম্মানিত করা হবে। দেশ-জাতির জন্য তাদের অবদানের স্বীকৃতি দিয়ে আমরা কৃতার্থ হবো।

একুশ মাথা উঁচু করে যেকোনো অন্যায়ের প্রতিবাদ করতে শেখায় বলে উল্লেখ করে একুশে ফেব্রুয়ারি মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা সমুন্নত রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

বিভিন্ন ক্ষেত্রে গৌরবোজ্জ্বল ও প্রশংসনীয় অবদানের স্বীকৃতি হিসেবে দেশের ১৭ জন বিশিষ্ট ব্যক্তির একুশে পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট নাগরিকেরা হলেন ভাষা আন্দোলনের জন্য ভাষাসৈনিক অধ্যাপক শরিফা খাতুন, শিল্পকলায় (সংগীত) সুষমা দাস, জুলহাস উদ্দিন আহমেদ, ওস্তাদ আজিজুল ইসলাম ও রহমতউল্লাহ আল মাহমুদ সেলিম, শিল্পকলায় (চলচ্ছিত্র) তানভীর মোকাম্মেল, শিল্পকলায় (ভাস্কর্যে) সৈয়দ আব্দুল্লাহ খালিদ, শিল্পকলায় (নাটক) সারা যাকের, সাংবাদিকতায় আবুল মোমেন ও স্বদেশ রায়, গবেষণায় সৈয়দ আকরম হোসেন, শিক্ষায় অধ্যাপক ইমেরিটাস আলমগীর মোহাম্মদ সিরাজুদ্দীন, বিজ্ঞান ও প্রযুক্তিতে ড. জামিলুর রেজা চৌধুরী, সমাজসেবায় অধ্যাপক মাহমুদ হাসান, ভাষা ও সাহিত্যে (মরণোত্তর) কবি ওমর আলী ও সুকুমার বড়ুয়া এবং শিল্পকলায় (নৃত্য) শামীম আরা নীপা।