৬ মাসের মধ্যে ভাষা সৈনিকদের তালিকা করতে হাইকোর্টের নির্দেশ

প্রকাশিত: February 20, 2017 | সময়: 12:45 pm

স্টাফ রিপোর্টার ॥
ভাষা সংগ্রামীদের পূর্ণাঙ্গ তালিকা হয়নি ৬৫ বছরেও। ২০১০ সালে হাইকোর্ট তালিকা তৈরির নির্দেশ দিলেও তা এখনো করতে পারেনি এ সংক্রান্ত কমিটি। সবশেষ রোববার আগামী ৬ মাসের মধ্যে নির্দেশনা বাস্তবায়ন করতে বলেছে হাইকোর্ট।

দ্রুততম সময়ের মধ্যে পূর্ণাঙ্গ তালিকা করার তাগিদ দিচ্ছেন ভাষা সংগ্রামীরাও। পাকিস্তানিদের রক্তচক্ষু উপেক্ষা করে যারা রাষ্ট্রভাষা বাংলার অধিকার প্রতিষ্ঠা করেছেন, সেই বীরদের রাষ্ট্রীয় বা আনুষ্ঠানিক স্বীকৃতি মেলেনি এখনো। আন্দোলনে সক্রিয় থাকায় সে সময়ে গ্রেফতার ও নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন অনেকে। কিন্তু তাদের পূর্ণাঙ্গ তালিকা এখনো করা হয়নি। এমনকি বেশিরভাগ ভাষা সংগ্রামীর নাম হারিয়ে যেতে বসেছে বিস্মৃতির অতলে।

আইনজীবী মনজিল মোরশেদের একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১০ সালের ২৫ আগস্ট হাইকোর্ট ভাষা সৈনিকদের তালিকা করতে সরকারকে নির্দেশ দেয়। যা বাস্তবায়ন হয়নি এখনো।

আদালতের নির্দেশের পর ভাষা সংগ্রামীদের তালিকার জন্য একটি কমিটি হয়। প্রাথমিকভাবে তারা ৬৬ জনের নাম সংগ্রহ করে গেজেট প্রকাশ করে। তবে বিভিন্ন জটিলতার কারণে তা বাতিল করে কাজ বন্ধ করে দেন কমিটির সদস্যরা।

ফলে গত রোববার ভাষা শহীদদের তালিকা ছয় মাসের মধ্যে প্রকাশ করতে ফের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।