‘ভারতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি হবে আত্মঘাতী’

প্রকাশিত: March 15, 2017 | সময়: 2:05 pm

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনার ভারত সফরকালে বাংলাদেশ-ভারতের মধ্যে সামরিক বা কোনো প্রতিরক্ষা চুক্তি হলে সেটি হবে আত্মঘাতী এবং জাতীয় স্বাধীনতাবিরোধী।

বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

রিজভী বলেন, ‘ভারতের সঙ্গে বাংলাদেশের সামরিক চুক্তি হলে তা হবে আত্মঘাতী এবং জাতীয় স্বার্থবিরোধী। এ ধরনের রাষ্ট্রবিরোধী প্রতিরক্ষা চুক্তি হলে তা দেশের জনগণ কোনোদিন মেনে নেবে না, বরং তা প্রতিরোধে সর্বশক্তি দিয়ে এগিয়ে আসবে। ‘

কোনো ধরনের গোপন চুক্তি জনগণ মেনে নেবে না জানিয়ে বিএনপি এই নেতা বলেন, ‘প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফরে ভারতের প্রধান চাহিদা প্রতিরক্ষা চুক্তি। এ ছাড়াও আরও দুই ডজন চুক্তির কথা শোনা যাচ্ছে। তাই জনগণকে অবহিত না করে কোনো গোপন চুক্তি কেউ মেনে নেবে না, বাস্তবায়নও হতে দেবে না। দাসত্বের শৃঙ্খলে বাধার যেকোনো চুক্তি জনগণ, রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠন অগ্নিবর্ণ সংগ্রামে তা প্রতিহত করবে। ‘

সম্প্রতি ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা রিসার্স অ্যান্ড অ্যানালাইসিস উইং (র) এর বিরুদ্ধে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার দেওয়া বক্তব্যকে রহস্যজনক হিসেবে আখ্যায়িত করেন রিজভী।